ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- Update Time : ১১:৫৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: ডিবি পুলিশের এক বিশেষ অভিযানে ৫৫ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোর রাত ৪টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়নের শেরপুর টোল প্লাজা এলাকায় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমা থানার সাদুরবাজার গ্রামের মৃত আফজাল শরীফের পুত্র মো. সেলিম মিয়া (৪৮), গোলাপগঞ্জ থানার ভাদেশ্বর গ্রামের মৃত আব্দুল খলিলের ছেলে জয়নাল আহমেদ (৩৭) এবং কানাইঘাট থানার আগাড়িপাড়া গ্রামের মৃত শামসুল হকের পুত্র আশিক আহমদ (২৪)। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে শেরপুর টোল প্লাজা এলাকায় অবস্থান নেয় গোয়েন্দা পুলিশ। এসময় একটি নেভি ব্লু ও হলুদ রঙের টাটা সিংগেল কেবিন পিকআপ (রেজি: ঢাকা মেট্রো-ন ২০-৫০৩৪) থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে গাড়িতে থাকা একটি কালো রঙের স্কুল ব্যাগের ভেতর থেকে ১০০ মিলিলিটারের মোট ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা। এ বিষয়ে ডিবি পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত আলামতসহ আসামিদের ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, মাদক নির্মূলে জেলা পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর এবং এ ধরনের মাদকবিরোধী বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।




























