সুনামগঞ্জে কিশোর গ্যাং রুখতে এবার মাঠে নামলেন অভিভাবকরা
- Update Time : ০৮:০৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জ শহরে কিশোর গ্যাং ও বখাটেদের দৌরাত্ম্য চরম আকার ধারণ করেছে। নিজের সন্তানকে বখাটেদের হাত থেকে রক্ষা করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সমাজকর্মী মো. এমদাদুল হক শাহজাহান। দিনে-দুপুরে জনাকীর্ণ এলাকায় একজন সচেতন নাগরিকের ওপর এমন নৃশংস হামলার ঘটনায় পুরো শহরজুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবিতে রাজপথে নেমেছেন অভিভাবক, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের প্রাণকেন্দ্র আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) সচেতন অভিভাবকবৃন্দ, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সুনামগঞ্জ জেলা শাখা এবং স্বাস্থ্য অধিকার ফোরামের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা সিপিবির সাবেক সভাপতি অ্যাডভোকেট এনাম আহমেদ, অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহিন, পৌর জামায়াতের আমির আব্দুস সাত্তার মো. মামুন, গণঅধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সওগাত উছমানী চৌধুরী তিমন, সাংবাদিক তছদ্দুক রেজা ইমন, মো. ফারুক আহমেদসহ অনেকে। বক্তারা বলেন, ‘একজন বাবা যখন নিজের সন্তানকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হন, তখন এটি কেবল একটি পরিবারের কষ্ট নয়, এটি শহরের সামগ্রিক নাগরিক নিরাপত্তার জন্য হুমকি। সুনামগঞ্জ একটি শান্তিপ্রিয় শহর হিসেবে পরিচিত, সেখানে প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলা ও কিশোরদের বেপরোয়া আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
বক্তারা আরও উদ্বেগ প্রকাশ করে বলেন, সাম্প্রতিক সময়ে শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আশপাশে বখাটেদের আনাগোনা বেড়েছে, যা শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বিগ্ন করে তুলেছে। স্কুল-কলেজ ছুটির সময় গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশি টহল জোরদার এবং কিশোর গ্যাংয়ের পেছনে কোনো প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয় আছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান তারা। মামলার অগ্রগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, ঘটনার পর সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা হলেও মূল অভিযুক্তরা এখনো ধরাছোঁয়ার বাইরে। এখন পর্যন্ত মাত্র একজনকে (শ্রাবণ) গ্রেপ্তার করেছে পুলিশ। দ্রুততম সময়ের মধ্যে বাকি আসামিদের গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। মানববন্ধন থেকে কিশোর অপরাধ দমনে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। এছাড়া, আগামী শনিবার শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে সুনামগঞ্জের অভিভাবকদের নিয়ে একটি বিশেষ সমাবেশ আয়োজনের ঘোষণা দেওয়া হয়।
উল্লেখ্য, ১৫ সেপ্টেম্বর বিকেলে সুনামগঞ্জ শহরের হাছননগর এলাকায় নিজের সন্তানকে বখাটেদের কবল থেকে রক্ষা করতে গিয়ে মো. এমদাদুল হক শাহজাহান একদল দুর্বৃত্তের ধারালো অস্ত্র ও লাঠিসোঁটার হামলার শিকার হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখনো তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। শহরবাসীর একটাই দাবি—হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং কিশোর গ্যাংয়ের অপরাধ প্রবণতা বন্ধে প্রশাসন যেন কঠোর ও কার্যকর ভূমিকা পালন করে।




























