সিলেটে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলায় সাংবাদিকসহ আহত ৩, আটক ৪
- Update Time : ০৫:৩৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেটে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন সাংবাদিকসহ তিনজন। বুধবার বিকেলে নগরীর আম্বরখানা পয়েন্টের এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। হামলায় আহত ব্যক্তিরা হলেন এখন টেলিভিশনের সিলেট ব্যুরো রিপোর্টার শাহ রাকিবুল হাসান রাফি, চিত্রগ্রাহক অনিল কুমার পাল ও চালক রুহেল আহমেদ। রাফি এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, ‘এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আটক ব্যক্তিরা থানায় রয়েছেন। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।’
আটক চারজন হলেন সুনামগঞ্জের ধর্মপাশার মোহাম্মদ আলীর ছেলে রুকেল (৩৫), দিরাইয়ের ফারুক আহমদের ছেলে রাজু আহমদ (৩৪), সদরের আব্দুল্লাহর ছেলে শাহীন মিয়া (২৬) ও সিলেটের টুকের বাজারের নাসির উদ্দিনের ছেলে জসীম উদ্দিন (২৬)। আটক ব্যক্তিরা সবাই সিএনজিচালিত অটোরিকশাচালক।
বুধবার বিকেলে ইফতারের সংবাদের তথ্য ও চিত্র ধারণের জন্য আম্বরখানা পয়েন্টে যান রাফি ও ক্যামেরাপারসন অনিল। এখন টেলিভিশনের গাড়ি সেখানে রাখলে তা সরিয়ে নিতে বলতে গিয়ে গাড়িতে থাপ্পড় দিতে থাকেন অটোরিকশাচালকেরা। এর প্রতিবাদ করতে গেলে রাফিসহ তাঁর সহকর্মীদের ওপর হামলা করেন তাঁরা। এ সময় হাতে গুরুতর আঘাত পান রাফি। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
হামলায় আহত রাফি বলেন, ‘হামলায় আমার বাঁ হাতের একটি আঙুলে গুরুতর আঘাত পেয়েছি। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছি।’


























