ছাতকে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ডাকাত পলাতক
- Update Time : ০৫:২৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ পালিয়ে গেছে আব্দুল কুদ্দুছ ওরফে শামীম (৩৭) নামের এক কুখ্যাত ডাকাত। সে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের অহিদ উল্লা ওরফে তাহিদ উল্লার পুত্র।
তাঁর বিরুদ্ধে থানা আদালতে ডাকাতি,খুন, রাহাজানি, অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জানাগেছে,পলাতক আসামী আব্দুল কুদ্দুছ ওরফে শামীমকে গ্রেফতার করতে বুধবার ১৪ জুন সন্ধ্যায় ভাতগাঁও ইউনিয়নের হায়দুরপুর গ্রামের বাজারে অভিযান চালায় জাহিদপুর পুলিশ ফাঁড়ির এ এস আই সোহেল আহমদ ও পুলিশের একটি দল।
এসময় আসামী আব্দুল কুদ্দুছ ওরফে শামীম স্থানীয় বাজারে ক্যারামবোর্ড় খেলছিল।পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ধাওয়া করে তাঁকে আটক করেছে। এ সময় তাঁর এক হাতে হ্যান্ডকাপ লাগানোর সময় পুলিশের সাথে দস্তা-দস্তি শুরু হয় । দস্তা-দস্তির একপর্যায়ে আসামী শামীম হ্যান্ডকাপসহ পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে এএসপি সার্কেল রনজয় চন্দ্র মল্লিকের নেতৃত্বে থানা পুলিশের একটি দল পলাতক আাসামীর খোঁজে বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান চালিয়েও তাঁকে আটক করা সম্ভব হয়নি।
তবে রাত ২টার দিকে হ্যান্ডকাপটি উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল রনজয় চন্দ্র মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান হ্যান্ডকাপ উদ্ধার করা হয়েছে। তাঁকে দ্রুত গ্রেফতারের জন্য অব্যাহত অভিযান রয়েছে।



















