ছাতকে সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়ম উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ
- Update Time : ০৬:০৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে শ্যামপাড়া- কান্দিগাঁও সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়ম-দূর্ণীতির অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসীর পক্ষে ইউপি সদস্য দুলাল কৃষ্ণ সরকার।বৃহস্পতিবার তিনি এ অভিযোগ দিয়েছেন।
অভিযোগ থেকে জানাযায়, গত বন্যায় শ্যামপাড়া- কান্দি গাঁও সড়কের বেশ কিছু এলাকায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এ সড়কের বেশী ক্ষতিগ্রস্থ অংশ ১৮০০ ফুট রাস্তা মেরামতের জন্য উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে গত বছরের ডিসেম্বর মাসে দরপত্র আহবান করা হয়। চলতি বছরে রাস্তা মেরামতের জন্য জানুয়ারি মাসে ৬৭ লাখ ৬২ হাজার টাকা বরাদ্দ দিয়ে কার্যাদেশ দেয়া হয় ‘বেলাল এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্টানকে। সংস্কার কাজের মেয়াদ ছিল গত ১৩ মার্চ তারিখ পর্যন্ত। কিন্তু এর মধ্যে কাজের তেমন কোন অগ্রগতি হয় নি। শুধুমাত্র সাইডে কিছু মালামাল রাখা হয়েছে।
বর্তমানে ঠিকাদারী প্রতিষ্টান রাস্তা মেরামতের কাজ শুরু করলেও পুরনো ও নিম্ম মানের ইট-পাথর দিয়ে কাজ শুরু করেছেন।এবিষয়ে এলাকার লোকজন বার-বার প্রতিবাদ করলে ও ঠিকাদার আব্দুস সালাম এতে কোন কর্ণপাত করেন নি।কাজের মেয়াদ শেষ হওয়ায় কারণে ঠিকাদার চাচ্ছেন যেন-তেন ভাবে কাজ করে কাজের বিল উত্তোলন করে নিয়ে যেতে।
রাস্তা ভাঙ্গার কংক্রিট ও রড সাইডে মজুদ করে রাখা হয়েছে ৫০০-৬০০ ফুট সংস্কার কাজের জন্য। গাইড ওয়াল সহ ১৮ শত ফুট রাস্তার অতি ক্ষতিগ্রস্ত অংশ বাদ দিয়ে তিনি মাঝে-মাঝে কাজ করে ১৮ শত ফুটের মিল করে বিল উত্তোলনের প্রক্রিয়া করছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্টানের প্রতিনিধি আব্দুস সালাম বলেন, সংস্কার কাজে কোন অনিয়ম হয়নি। ভাল ভাবেই কাজ করা হবে। কাজের মালামাল পরিবাহন করতে সমস্যার কারণে কাজ শুরু করতে বিলম্ব হয়েছে। এলাকাবাসীর সাথে সমন্বয় করেই আগামি দু”মাসের মধ্যে কাজটি সম্পন্ন করতে পারবেন তিনি।
এলাকার আব্দুর রহিম, জাহেদুল ইসলাম আহবাব, ইউপি সদস্য সমরুজ আলী,সাবেক সদস্য আব্দুস সালাম,রইছ আলী,লিয়াকত আলী,সানুর আলী,নুরুল হোসেন,মখলিছ আলী,নুরুল ইসলাম, কাছা মিয়া,আবু তাহির, মতিউর রহমান,রনজিত সরকার,উজ্জ্বল কৃষ্ণ সরকার জানান,এ বিষয়ে একাধিক বার মৌখিক ভাবে উপজেলা প্রকৌশলী বরাবরে অভিযোগ করা হয়েছে। তদন্ত ও হয়েছে কিন্তু তদন্তের পর আবারো ঠিকাদার তার মনগড়া সংস্কার কাজ করে যাচ্ছেন।
ইউপি সদস্য দুলাল কৃষ্ণ সরকার জানান,উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দেয়ায় কাজের সাইড ইঞ্জিনিয়ার জাসির হোসেন তাকে থানা পুলিশের ভয়ভীতি প্রদর্শন করেছেন। তিনি বলেন,উপজেলা প্রকৌশলী আফছার আহমেদ তাকে জানিয়েছেন, শুক্রবার রাস্তার কাজ বন্ধ থাকবে।অভিযোগের বিষয়ে শনিবার তদন্ত করে এর সুষ্ট সমাধান দেয়া হবে।
























