ছাতকে সার-বীজ বিতরণে অনিয়মের অভিযোগ এনে কৃষকদের বিক্ষোভ
- Update Time : ১১:৫৮:০৬ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে সার-বীজ বিতরণে অনিয়মের অভিযোগ এনে বিক্ষোভ করেছে ইসলামপুর ইউনিয়নের কৃষকরা। বুধবার দুপুরে মিছিল করে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে অবস্থান নেন তারা। এ সময় কৃষি বিভাগের জেলার উর্ধতন কর্তৃপক্ষও কৃষি কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত ছিলেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশের হস্তক্ষেপে কৃষকরা শান্ত হন। এ সময় ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল সহ কৃষকরা উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা পারভেজ ও মোজাম্মেলের অপসারণ দাবী করেছেন। বিক্ষোভকারীদের দাবী, উপজেলার ইসলামপুর ইউনিয়নের তালিকাভুক্ত ৬০০ জন কৃষকের মাঝে সার ও বীজ এবং হাইব্রিড বীজ বিতরণে অনিয়ম করেছেন উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা পারভেজ ও মোজাম্মেল। ইউনিয়নের তালিকাভুক্ত ৬০০ জন কৃষকের মধ্যে ৪০০ জনকে সার-বীজ ও হাইব্রিড প্রদান করা হলেও বাকী প্রায় ২০০ জন কৃষকের সার-বীজ ও হাইব্রিড বীজ দেয়া হয়নি। তাদেরকে অফিসে ডেকে এনে সার, বীজ দেয়া হয়নি। বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তাকে অবহিত করা হলেও প্রয়োজনীয় কোন ব্যবস্থাও গ্রহন করা হয়নি। কৃষকদের উদ্দেশ্যে উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসন খান বলেন, দেশের কৃষির উন্নয়নে সার্বিক সহযোগিতা ছাড়াও সার, বীজ সহ কৃষি যন্ত্রপাতি কৃষি অফিসের মাধ্যমে কৃষকদের হাতে তুলে দিচ্ছে সরকার। এ উপজেলার ১৩টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নে মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ। প্রশিক্ষণ সহ সরকারী সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণ যথাসময়ে কৃষকদের মাঝে বিতরণ করা হচ্ছে। কৃষকদের নিয়ে এটি একটি কু-চক্রি মহলের ষড়যন্ত্র। তালিকাভুক্ত সকল কৃষকের জন্য সার-বীজ ও হাইব্রীড বীজ মজুদ রয়েছে। যারা সার বীজ পায়নি তারা এখনি সার বীজ নিয়ে যেতে পারবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরের জামান চৌধূরী বলেন, সার-বীজ বিতরণে কোন ধরনের অনিয়ম হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিতরণ কমিটির সভাপতি হিসেবে তাকে অবহিত করা উচিৎ ছিলো। তাকে বিষয়টি অবগত করা হলে হয়তো এ পরিতিস্থির সৃষ্টি হতো না। কৃষকের জন্য সরকার পর্যাপ্ত সার-বীজ দিয়েছে এবং মজুদও ররয়েছে । কৃষকেরর দোরগোড়ায় সেবা পৌছে দিতে কৃষি অধিদপ্তর বিরামহীন কাজ করছে। কৃষি পণ্যের জন্য কৃষকদের আন্দোলনের প্রয়োজন নেই। পরে ইউনিয়নের কার্ডধারী কৃষকদের সার ও বীজ এবং হাইব্রিড বীজ দেয়া হয়।



























