ছাতকে ১০ গ্রামের মানুষের সহজ চলাচলে রাস্তা নির্মাণে একটি মহলের প্রতিবন্ধকতা
- Update Time : ০৬:৫১:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে দোলারবাজার ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এক প্রবাসীর নির্মিত রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে যাচ্ছে গ্রামের একটি মহল। কয়েকটি গ্রামের লোকজনের যাতায়াত সুবিধার লক্ষে নিজের ভুমি দিয়ে একটি রাস্তা নির্মাণ করেছেন মোহাম্মদপুর গ্রামের ইংল্যান্ড প্রবাসী মাহমুদ আলী। রাস্তায় মাকুন্দা খালে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে তিনি একটি ব্রিজও নির্মাণ করেছেন। রাস্তাটির উত্তরাংশে নিজের জমি না থাকায় মাহমুদ আলী ২০০৮ ইং সনে রাস্তার জন্য ৪৮৩৮ নং দলিলে জাহিদপুর মৌজার ৫০৫৮ দাগের ২২ শতক ভুমিও ক্রয় করেন ভাই আহমদ আলীর কাছ থেকে।
কিন্তু আহমদ আলীর ওয়ারিশ আব্দুল নুর,আব্দুস সোবহান, সেলিম মিয়া সহ লোকজন আহমদ আলীর বিক্রিত ভুমিসহ সরকারি ভুমি দখলে নিয়ে তাদের বাড়ির বাউন্ডারি ও গেইট নির্মাণ করে রাস্তা নির্মাণে প্রতিবন্ধকতা তৈরি করে যাচ্ছেন। এতে কয়েকটি গ্রামের লোকজনকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছ। গোবিন্দগঞ্জ -লামা রসুলগঞ্জ সড়ক থেকে মোহাম্মদপুর গ্রামের ভিতর দিয়ে চলে আসা রাস্তাটির উত্তারাংশে প্রায় দেড়শো ফুট পরিমাণ রাস্তা করতে দিচ্ছেনা আব্দুন নুর ও তার সহযোগীরা। রাস্তা নির্মাণে প্রতিবন্ধকতা তৈরি করতে তাদের বাড়ির বাউন্ডারি ও বাড়ির পুর্বপাশে একটি অপ্রয়োজনীয় গেইট নির্মাণ করে রেখেছে ।
গেইট নির্মাণের সময় স্থানীয়রা বাঁধা দিলে তা উপেক্ষা করে সরকারি জমি ও মাহমুদ আলীর ক্রয়কৃত জমিতে জোর পুর্বক দেয়াল নির্মাণ ও গেইট নির্মাণ করেছেন আব্দুন নুর। এ বিষয় নিয়ে কয়েকটি গ্রাম জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
বিগত ২৮ অক্টোবর ছাতকের সহকারী কমিশনার (ভুমি) মোঃ ইসলাম উদ্দিন ও ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ভুমি পরিমাপ করেছেন। এ সময় ভুমির সীমানা নির্ধারণ করে তারা লাল পতাকা টানিয়ে দিয়েছেন।এতে দেখা গেছে সম্পুর্ণ সরকারি ভুমিতে আব্দুন নুর বাড়ির বাউন্ডারি দেয়াল নির্মাণ করে নিজ বাড়ির ভেতর প্রায় ২০ শতক সরকারি ভুমি ঢুকিয়ে রেখেছেন। মাহমুদ আলীর কিছু ভুমিও দখলে নিয়ে রাস্তা বন্ধ করে দেয়ার বিভিন্ন পায়তারা চালিয় যাচ্ছেন তিনি ।
গ্রামের ওয়াহিদ উল্লাহ ও আমিরুল ইসলাম শুকুর জানান, মসজিদ, ঈদগাহ, ব্রিজ, কার্লভাট,রাস্তা নির্মাণসহগ্রাম ও এলাকার উন্নয়নে ইংল্যান্ড প্রবাসী মাহমুদ আলীর ব্যাপক অবদান রয়েছে নিজের জমি দিয়ে এলাকার উন্নয়ণে তিনি ব্রিজ সহ যে রাস্তাটি করে যাচ্ছেন ওই রাস্তার কারণে মোহাম্মদপুর, বুরাইয়া, তালুপাঠ,নরশিংহপুর,আলমপুর, গোপিনাথপুর, জাহিদপুর,ভাওয়াল, রামপুর,আলমপুর বাজারসহ কয়েকটি গ্রামের লোকজন বেশ উপকৃত হবেন।
কিন্তু প্রতিপক্ষরা জোরপূর্বক রাস্তাটি আটকিয়ে রেখেছে প্রায় একশো,দেড়শো ফুট পরিমাণ রাস্তা নির্মাণে তারা প্রতিবন্ধকতা তৈরি করেছে।
তারা জানান, রাস্তার জমিও মাহমুদ আলীর ক্রয় করা সম্পত্তি। কিন্তু গ্রাম-পঞ্চাইত উপেক্ষা করে আব্দুন নুরের পরিবার অন্যায়ভাবে রাস্তা নির্মাণ করতে দিচ্ছেনা। তারা সরকারি অনেক জমিও দখল করেছে। এলাকার লোকজন এব্যাপারে প্রতিকারের জন্য সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।
এব্যাপারে মোহাম্মদপুর গ্রামের আব্দুন নুরের সাথে যোগাযোগ করলে তিনি এসব অস্বীকার করে জানান, সরকারি কোন ভুমি তার দখলে নাই।
সহকারী কমিশনার (ভুমি) মোঃ ইসলাম উদ্দিন জানিয়েছেন,সরকারি ভুমি দখলে নিয়ে আব্দুন নুরের পরিবার বাড়ির বাউন্ডারি দেয়াল নির্মাণ করেছেন। তাদের বাড়ির ভেতরেও সরকারি ভুমি রয়েছে। এসব ভুমি পরিমাপ করে চিহ্নিত করা হয়েছে। শীঘ্রই সরকারি ভুমি উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।


























