তাহিরপুরের বাংলা ভাই আফতাব উদ্দিন ও তার বাহিনীকে গ্রেফতারের দাবিতে সুনামগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন
- Update Time : ০৬:৫৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ প্রেসক্লাব সদস্য ও দৈনিক খবরপত্র প্রতিনিধি হোসাইন মাহমুদ শাহিন ও তার পরিবারের উপর বারবার হামলা, বাড়ি জমি দখল, লুটতরাজ ও বাজারঘাটে চাঁদা আদায়কারীদের গ্রেফতারের দাবীতে সুনামগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। রোববার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে এই কর্মসুচি পালিত হয়। সাবেক এমপি ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এডভোকেট শামছুন নাহার বেগম শাহানা রব্বানীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক দৈনিক আজকালের প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হকের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সহ-সভাপতি দৈনিক সুনামকন্ঠ সম্পাদক বিজন সেন রায়, সহ-সভাপতি রওনক আহমদ, দৈনিক সমাচার প্রতিনিধি মিজানুর রহমান মিজান, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন পত্রিকার বার্তা সম্পাদক ও বাসস প্রতিনিধি আল-হেলাল, ইউএনবি প্রতিনিধি অরুন চক্রবর্ত্তী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক সেলিম আহমদ তালুকদার, সাধারন সম্পাদক ও সময় টিভির জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র মিঠু, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক সিরাজুল ইসলাম শ্যামল, অর্থ সম্পাদক একে কুদরত পাশা, দৈনিক জালালাবাদ প্রতিনিধি মো. জসীম উদ্দিন ও সাংবাদিক আব্দুল শহীদ প্রমুখ। মানববন্ধনে দৈনিক যায়যায় দিন প্রতিনিধি ঝুনু চৌধুরী, দৈনিক ইনকিলাব প্রতিনিধি হাসান চৌধুরী, দৈনিক সিলেটবানী প্রতিনিধি মাসুক মিয়া, সাংবাদিক আনোয়ারুল হক, স্বপন কুমার দাস,চ্যানেল এস প্রতিনিধি ফুয়াদ মনি, সাংবাদিক আলাউর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, দোয়ারাবাজার প্রেসক্লাব প্রতিনিধি আশীষ রহমান, সাংবাদিক শামসুল কাদির মিসবাহ, সাংবাদিক বাবুল মিয়া,আনন্দ টিভি প্রতিনিধি এমরান হোসেন, প্রভাষক সাংবাদিক দুলাল মিয়া, দৈনিক মুক্তখবর প্রতিনিধি একে মিলন, সাংবাদিক সামিয়ান তাজুল, সুনামগঞ্জের বিভিন্ন সাংবাদিক সংগঠন এবং ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন ওয়েবপোর্টালের প্রায় শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সোহালা গ্রামের আফতাব উদ্দিন একজন আত্মস্বীকৃত চাঁদাবাজ ও সন্ত্রাসী। একের পর এক সন্ত্রাসী কর্মকান্ডের দ্বারা সে রাষ্ট্রীয় সন্ত্রাসী বাংলা ভাইকেও ছাড়িয়ে গেছে। জনগন তাকে তাহিরপুরের বাংলা ভাই হিসেবে ভয় পায় ও এ নামে ডাকে।
তার দ্বারা দুবার আহত ও লুটতরাজের স্বীকার হয়ে গত ১৩/১০/২০২২ইং তারিখে সাংবাদিক শাহীন বাদী হয়ে তাহিরপুর কোর্টে ২২৬/২০২২ নং পিটিশন দায়ের করেন। আদালতের নির্দেশে তাহিরপুর থানার নিয়মিত মামলা নং ৯ তাং ১৯/১০/২০২২ইং ধারা ৩৮৫/৩৭৯/৩২৩/৫০৬/৩৪ দ:বি: রুজু হয়। শুধু তাই নয়, রুহিঙ্গা নাগরিকদেরকে বাদাঘাট ইউনিয়নের ভূয়া নাগরিক সাজিয়ে সনদপত্র প্রদানের ঘটনায় প্রশাসন বাদী হয়ে আফতাব উদ্দিনকে প্রধান আসামী করে মামলা দায়ের ও চার্জসীট প্রদান করেছেন। ইউনিয়নের পৈলানপুরের মানিক মিয়ার দায়েরকৃত দাঙ্গা হাঙ্গামার মামলার প্রধান আসামী আফতাব উদ্দিন। সরকারী গাছ কেটে নেয়ার ঘটনায় তহশীলদার আশীষ বাবু তাকে প্রধান আসামী করে মামলা দায়ের করেন। পুত্র হাকিকুল মিয়াকে রামদা দিয়ে কোপিয়ে জখম করার ঘটনায় বাদাঘাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ রেনু মিয়ার দায়েরকৃত মামলার প্রধান আসামী আফতাব উদ্দিন। এসব ঘটনায় তার বিরুদ্ধে ৪টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
এছাড়াও ঘাগড়া গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম, সাবেক মেম্বার শামসুল হক শিকদার, পাটানপাড়া নিবাসী হুমায়ূন কবীর সর্দার ও অবলা বিধবা ফেরদৌস বেগম তাহিরপুর থানা ও বিজ্ঞ আদালতে পৃথক পৃথক মামলা দায়ের করেছেন। তারপরও তাহিরপুর থানা পুলিশ আফতাব উদ্দিন ও তার সহযোগী শিপন, রিপন, জিন্নাহ, মানিক ও আলাইউন গংদেরকে গ্রেফতার করছেনা। সাংবাদিকরা গডফাদার আফতাব উদ্দিন ও তার বাহিনীর সকল চাঁদাবাজ সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

























