পৌরসভার নামে টোল আদায় বন্ধে ছাতকে পরিবহন ধর্মঘট
- Update Time : ০৫:৫৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতক পৌরসভার নামে সড়ক ও জনপথ বিভাগের রাস্তায় টোল আদায় করায় বুধবার রাত ১২টা থেকে ধর্মঘট চালিয়ে যাচ্ছে ছাতক ট্রাক-পিকআপ- কাভার্ড ভ্যান মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা বৃহস্পতিবার সকালে ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান মালিক সমিতির সহ-সভাপতি এমাদ উদ্দিনের সভাপতিত্বে সড়কে দাঁড়িয়ে প্রতিবাদ সভা ও করেছে। পৌর সভার ভেতরে ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান ঢুকতে এবং বের হতে দিচ্ছেনা দুই সংগঠনের লোকজন। এতে শহরের অদুরে ছাতক-সিলেট সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সড়কের দুইপাশে শত-শত খালি এবং পন্যবাহী ট্রাক,পিকআপ, কাভার্ডভ্যান,লরি আটকা পড়েছে। দুইপাশে আটকে পড়া যানবাহনের লাইনের কারণে সড়ক সরু হওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে। সড়ক দিয়ে যাত্রীবাহী যান ও জরুরী পন্যবাহী যানবাহন চলাচল করলেও চরম দুর্ভোগে পড়েছেন মানুষ। সড়কে আকিজ প্লাস্টিক, সিমেন্ট ফ্যাক্টরি, লাফার্জ-হোলসিম ও নিটোল কার্টিজ মিলের বেশ কয়েকটি ট্রাক ও লরি আটকে রয়েছে। ছাতক পৌরসভার নামে এ সড়কে দীর্ঘদিন ধরে ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান থেকে টোল আদায় করা হচ্ছে। টোল আদায় বন্দের দাবীতে একাধিক বার আন্দোলন করেছে ট্রাক মালিক ও শ্রমিক সমিতি। এ ব্যাপারে উচ্চ আদালতে একটি রীট আবেদন ও ( নং ৪৬৪০) করেছেন ট্রাক-পিকআপ-কাভার্ড-ভ্যান মালিক সমিতির রিপন মিয়া তালুকদার।এ প্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ গত ২১এপ্রিল পৌর সভার নামে টোল আদায় বন্ধ করতে ৬ মাসের নিষেধাঞ্জার আদেশ প্রদান করেন। পৌর কর্তৃপক্ষ উচ্চ আদালতের আদেশ অমান্য করে টোল আদায় করতে থাকলে গত ২ আগষ্ট সহকারী কমিশনার (ভুমি) ইসলাম উদ্দিনের নেতৃত্বে পুলিশ টোল আদায়ের ঘর সহ তাদেরকে উচ্ছেদ করে দেয়। কিছুদিন ওই স্থানে টোল আদায় বন্ধ রাখা হয়। গত বুধবার থেকে আবারও টোল আদায় শুরু করা হয়েছে। সহকারী কমিশনার (ভুমি) ইসলাম উদ্দিন এ বিষয়ে জানিয়েছেন,আব্দুস সালাম নামের ইজারাদার পক্ষ সুপ্রিম কোর্টের আপীল ডিভিশন থেকে ৮ সপ্তাহের স্থগিতাদেশ নিয়েছেন। এদিকে ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান মালিক সমিতির কার্যকরী সভাপতি আনিসুর রহমান রহমান চৌধুরী সুমন জানান, বিষয়টি পৌরসভার, এখানে ইজারাদার পক্ষের কোন বিষয় নয়। তারা আদালতকে ভুল বুঝিয়ে টোল আদায় শুরু করেছে। ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক আলা উদ্দিন জানান, সড়ক ও জনপথের রাস্তায় পৌরসভার টোল আদায় অবৈধ। এভাবে দেশের আর কোন পৌরসভায় টোল আদায় করা হয়নি। এ জন্য তারা অবৈধ টোল আদায় বন্ধের দাবীতে আন্দোলন করে যাচ্ছেন। সহকারী কমিশনার (ভুমি) ইসলাম উদ্দিন ও পুলিশের হস্থক্ষেপে আদালতের প্রতি সন্মান প্রদর্শন করে বিকেল ৫ টায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন মালিক ও শ্রমিক সংগঠনের রিপন মিয়া তালুকদার, মিন্টু ঘোষসহ নেতৃবৃন্দরা।


























