সাবেক ইউপি সদস্যের লিঙ্গ কর্তনের অভিযোগ
- Update Time : ১২:৪২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ আগস্ট ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের ধর্মপাশায় ইউনিয়ন পরিষদের সাবেক এক সদস্যের লিঙ্গ কর্তনের অভিযোগ ওঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (৪ আগস্ট) গভীর রাতে জেলার ধর্মপাশা উপজেলার সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়নের দিকচান গ্রামের এক গৃহবধূ সাবেক মেম্বার আল আজাদের লিঙ্গ কর্তন করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য আল আজাদের সাথে পার্শ্ববর্তী দিকচান গ্রামের এক গৃহবধূর পরকীয়া চলছিল। বৃহস্পতিবার রাতে ইউপি সদস্য আল আজাদ ধর্ষণের চেষ্টা চালালে ওই গৃহবধূ ধারালো বটি দা দিয়ে আজাদের লিঙ্গ কর্তন করেন। এসময় আল আজাদের চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে গুরুতর আহতাবস্থায় নেত্রকোনা হাসপাতালে প্রেরণ করেন।
ওই গৃহবধূ জানান, এক বছর আগে আইডি কার্ড সংশোধন করার কথা বলে উপজেলায় নিয়ে আজাদ মেম্বার তাকে ধর্ষণ করে। এরপর থেকে সে নানাভাবে প্রতারণা করে আসছে। বৃহস্পতিবার রাতে তার স্বামীর বাড়িতে এসে আবারও ধর্ষণের চেষ্টা চালায়। এসময় তিনি সম্ভ্রম রক্ষায় এই কাজ করেছেন।
সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসরিন সুলতানা দীপা বলেন, সাবেক ইউপি সদস্য ও ওই মহিলার মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্ক চলে আসছে বলে এলাকায় চাউর আছে। তারা উভয়ই বিবাহিত। ইউপি সদস্য ৩ ছেলে ও ১ মেয়ের জনক এবং মহিলাও ৩ সন্তানের জননী। মহিলার স্বামী একজন রাজমিস্ত্রী। তিনি বেশিরভাগ সময় পেশাগত কাজে বাড়ির বাইরে থাকেন। এই সুযোগে উভয়েই সম্পর্কে লিপ্ত হয়। তবে মহিলার অভিযোগ সাবেক ইউপি সদস্য তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে এসময় তিনি সম্ভ্রম রক্ষায় এ কাজ করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উভয়ের মধ্যে গভীর সম্পর্ক ছিল এবং সম্প্রতি কোন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়ায় এই ঘটনা ঘটে। তবে এখনো আহত ইউপি সদস্য আল আজাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তিনি নেত্রকোনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ভিকটিম মহিলা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


























