জগন্নাথপুরে প্রতিপক্ষের হুমকিতে বাড়ি ছাড়া নিরীহ পরিবার!
- Update Time : ১১:৪০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে জায়গা নিয়ে দুপক্ষের বিরোধের জের ধরে সংঘর্ষের ২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় আহত তখলিছ মিয়ার মৃত্যু হয়। নিহত তখলিছ মিয়ার ছেলে কবির মিয়া বাদী হয়ে প্রতিপক্ষের ১২ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থানা পুলিশ অভিযান চালিয়ে ৭ আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে। গ্রেফতার হওয়া আসামী সুমন মিয়া এখনও জেল হাজতে রয়েছে। আদালত থেকে অন্য আসামী জামিনে মুক্তি লাভ করেন। ঘটনাটি ঘটেছে, ২০২০ সালের ২৩ মে উপজেলার আশারকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের বারিক মিয়া ও তখলিছ মিয়ার লোকজনের মধ্যে।
জানাগেছে, মামলার আসামী ময়না মিয়া, বারিক মিয়া ও সোনাফর মিয়া জেল হাজতে থাকায় তাদের পরিবারের অন্য পুরুষ ও মহিলারা ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান। এ সুযোগে তাদের বাড়ির ধান, চাল ও গবাদিপশু সহ অন্যান্য মালামাল বিক্রি করে টাকা নিয়ে যায় গ্রামের একটি মহল। আসামীরা জামিনে এসে তাদের মালামাল বিক্রির টাকা ফেরত চাইলে তাদের টাকা দেয়া তো দুরের কথা, তারা তাদের বাড়িতে যেতে পারছে না। এ ঘটনায় বারিক মিয়ার স্ত্রী রাজনা বেগম বাদী হয়ে ১২ জনকে আসামী করে সুনামগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন। পুলিশের কাছে স্বাক্ষী দেয়ায় তিনজনকে ১০ হাজার টাকা করে ৩০ হাজার জরিমানা করা হয়। এ ঘটনায় রাজনা বেগম বাদী হয়ে ১৫ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় আরেকটি অভিযোগ দায়ের করেছেন। প্রতিপক্ষের হুমকিতে বাড়ি ছাড়া নিরীহ পরিবার।




























