দক্ষিণ সুনামগঞ্জে স্কুল ছাত্র হত্যার প্রতিবাদে ও খুনীদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ
- Update Time : ০৪:৪৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জে পরীক্ষা বয়কট করে দশম শ্রেণীর স্কুল ছাত্র শাহানুর মিয়া (১৭) হত্যার প্রতিবাদে রাস্তায় নামলো পাগলা সরকারি হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। শনিবার (২২জুন) সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে পাগলা বাস স্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করে ছাত্র-ছাত্রী ও স্থানীয় জনতা। বিক্ষোভকারীরা স্কুল ছাত্র শাহীনুর হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। আগামী ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন শিক্ষার্থীরা। আড়াই ঘন্টাব্যাপী এই অবরোধ কর্মসূচীর ফলে সড়কের দুই পাশের কয়েক কিলোমিটার এলাকার প্রচন্ড যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা বন্ধ করে ঝটিকা মিছিল করে। এসময় বিক্ষোভকারী সাধারণ ছাত্রদের রাস্তায় শুয়ে থাকতেও দেখা যায়।
পরে উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ, দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী ও উপজেলা ভাইস চেয়ারম্যান নূর হোসেনের হস্তক্ষেপে অবরোধ কর্মসূচী প্রত্যাহার করেন বিক্ষোভ কারীরা।
বিক্ষোভ প্রত্যাহারকালে ছাত্রছাত্রীরা বলেন, শাহানুর একজন নিরীহ দরিদ্র পরিবারের ছেলে। দু’পক্ষের সংঘর্ষ চলাকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের এলোপাথাড়ি কুপ ও ছুরিকাঘাতে সে নিহত হয়েছে। তার হত্যাকান্ডের জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। এসময় নিহতের পরিবারের প্রতি শোক প্রকাশ করেন তারা।
এদিকে স্কুল ছাত্র শাহানুর হত্যায় জড়িত সন্দেহে থানা পুলিশ ১২ জনকে আটক করেছে।





























