দক্ষিণ সুনামগঞ্জে ১৩ বছরের শিশুকে ধর্ষণ করলো পাঁচ সন্তানের জনক
- Update Time : ০৬:৩১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গণিগঞ্জ গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার গণিগঞ্জ বাজার থেকে ধর্ষণকারী আব্দুন নূর মিয়া (৫৮)-কে গ্রেফতার করে পুলিশ। সে উপজেলা পাথারিয়া ইউনিয়নের গণিগঞ্জ গ্রামের মৃৃত আরব আলীর ছেলে।
পুলিশ ও নির্যাতিত মেয়েটির পরিবার সূত্রে জানা যায়, ২০১৮ সালের জুন মাসে গণিগঞ্জ গ্রামের পাঁচ সন্তানের জনক আব্দুন নূর মিয়া বিয়ের প্রলোভন দেখিয়ে ১৩ বছরের শিশুকে কয়েকবার ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হলে গ্রাম্য সালিশে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয় ধর্ষণকারীর ওপর। পরবর্তীতে জরিমানার ২০ হাজার টাকা প্রদান করে আব্দুন নূর মিয়া। এনিয়ে নির্যাতিত শিশুর দিনমজুর পিতা-মাতা দিনের পর দিন গ্রাম্য মাতব্বরদের পেছনে ঘুরেও কোনো সুবিচার পাননি। গ্রাম্য মাতব্বরদের ভয়ে পুলিশেও অভিযোগ জানাতে পারেননি শিশুটির পরিবার।
শিশুটির পরিবার জানায়, গ্রাম্য সালিশে গণিগঞ্জ গ্রামের মাতব্বর আব্দুল মজিদ, আব্দুল আওয়াল, মাওলানা আব্দুল কাইয়ূম, খইছা মিয়া মেম্বার, কাহার মিয়া, আনজু মিয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।
সালিশে উপস্থিত থাকা মাওলানা আব্দুল কাইয়ূম বলেন, সেদিন আমাদের কাছে ধর্ষণের বিষয়টি জানায়নি শিশুটির পরিবার, তারা আমাদের বলেছে, সম্পর্কে দাদা আব্দুন নূর মিয়া তারা নাতিন (১৩)-এর কাপড় ধরে টান দিয়েছে। পরে আমরা ভবিষ্যতে যাতে এ রকমের কোনো কাজ না করে তার জন্য শাস্তি স্বরূপ ৫০ হাজার টাকা জরিমানা করেছিলাম আব্দুন নূর মিয়াকে।
এদিকে শিশুটি অসুস্থ হয়ে পড়লে গত ১৬ মার্চ সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসকরা জানান, শিশুটি ৯ মাসের অন্তঃসত্ত্বা। পরে স্থানীয় সাংবাদিকরা বিষয়টি দক্ষিণ সুনামগঞ্জ থানাকে অবহিত করে নির্যাতিত পরিবারকে সহায়তার জন্য অনুরোধ করেন।
রোববার রাতে শিশুটির পরিবার ও হাসপাতালের চিকিৎসকদের কথা বলে ঘটনার সত্যতা পায় পুলিশ। সোমবার অভিযান চালিয়ে ধর্ষণকারী আব্দুন নূর মিয়াকে আটক করা হয়। বিকেলে শিশুটির পিতা বাদী হয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় আব্দুন নূর মিয়া ও গ্রামের মাতব্বর কবির আহমদকে আসামি করা হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এই ঘটনায় ধর্ষণকারীকে আটক করা হয়েছে। শিশুর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।





























