সুনামগঞ্জে বিয়ের অনুষ্ঠানে হামলা : বরসহ আহত ৩০
- Update Time : ০৫:২২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিয়ের অনুষ্ঠানে বরযাত্রীদের ওপর কনেপক্ষের হামলায় অন্তত ৩০জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাঘমারা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার উপজেলার সুরমা ইউনিয়নের শান্তিপুর গ্রামের আরফত আলীর পুত্র ও বোগলাবাজার ইউনিয়নের বাঘমারা গ্রামের কন্যার মধ্যে বিয়ের দিন ধার্য্য ছিল। ওইদিন দুপুরে বরযাত্রীরা কনের বাড়িতে আসলে খাওয়া-দাওয়ার সময় তুচ্ছ বিষয় নিয়ে বরপক্ষের লোকজনের সঙ্গে কনেপক্ষের লোকজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কনেপক্ষের লোকজন বরযাত্রীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় বরসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে বরের পিতা আরফত আলী ও বরযাত্রী নুর মোহাম্মদকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। অন্যান্য আহতদের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়। আহতরা হলেন- বর মিনার হোসেন (২০), মিজান মাস্টার (৫০), ফারুক মিয়া (৫৫), মোমেনা বেগম (৩০), সামছুন নাহার (৪০), ফিজলা বেগম (৫৫), শিপা বেগম (১৬), ইসলাম উদ্দিন (৫৫), রুস্তম আলী (৬৫), নুরুল হক (৩০) প্রমুখ।
এ ঘটনায় বরপক্ষের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





























