সিলেট সিটিতে ফ্যাক্টর ‘শশুরবাড়ির ভোট’
- Update Time : ০৩:২১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ জুলাই ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
রফিকুল ইসলাম কামাল :: ময়মনসিংহের টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার ময়তা গ্রামে আসমা কামরানের বাবার বাড়ি। বাবার চাকরিসূত্রে শিশুকাল থেকেই সিলেটে আছেন তিনি। এখন সিলেটেই তার সব কিছু। শ্যামা হকের বাড়ি ময়মনসিংহ শহরের নওমহালে। বিবাহসূত্রে ১৯৯১ সাল থেকে সিলেটেই তার বাড়িঘর।
ময়মনসিংহ, আসমা কামরান, শ্যামা হক- এই তিনের যোগসূত্র সিলেট সিটি করপোরেশনের (সিসিক) তৃতীয় নির্বাচনে প্রভাব ফেলেছিল। এবার সিসিকের চতুর্থ নির্বাচনেও থাকবে এর প্রভাব।
সিসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরান; বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর স্ত্রী শ্যামা হক। অন্যদিকে সিলেট মহানগরীতে ময়মনসিংহ অঞ্চলের প্রায় ৬৫ হাজার মানুষ বসবাস করছেন। তন্মধ্যে প্রায় ৪০-৪৫ হাজার মানুষের ভোট রয়েছে সিসিক এলাকায়। নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণে এই বিপুল সংখ্যক ভোট প্রভাবক হিসেবে কাজ করবে। আর তাই নিজেদের শশুরবাড়ির অঞ্চলের এসব ভোট টানতে তৎপর আরিফ ও কামরান।
সিলেটে বসবাসরত ময়মনসিংহ অঞ্চলের লোকদের সংগঠন হচ্ছে ‘সিলেটস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতি’। আসমা কামরান ও শ্যামা হক উভয়েই এই সমিতির উপদেষ্টা পদে আছেন।
সিসিকের প্রথম দুই নির্বাচনে সিলেটে বসবাসরত ময়মনসিংহ অঞ্চলের মানুষদের ভোট যায় কামরানের বাক্সে। কিন্তু গত নির্বাচনে বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী প্রথমবারের মতো মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করায় ওই অঞ্চলের ভোট দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এবারও ময়মনসিংহ অঞ্চলের ভোট আরিফ ও কামরানে বিভক্ত হবে।
সিলেট নগরীতে বসবাসরত ময়মনসিংহ অঞ্চলের মানুষদের ভোট কামরানের পক্ষে টানতে সক্রিয় আসমা কামরান; একইভাবে আরিফের পক্ষে ভোট টানতে তৎপর শ্যামা হক। তারা উভয়েই নিজ নিজ স্বামীর পক্ষে নানা যুক্তি দেখিয়ে, স্বামীর পক্ষ থেকে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট টানার চেষ্টা করছেন।
আসমা কামরান ও শ্যামা হক উভয়েই বাবার বাড়ির অঞ্চলের ভোট নিজেদের স্বামীর পক্ষে আসার ব্যাপারে আশাবাদী।
এ প্রসঙ্গে আসমা কামরান বলেন, ‘সিলেটে বসবাসকারী বৃহত্তর ময়মনসিংহের বাসিন্দাদের ভোট অতীতে কামরানের পক্ষে এসেছে, এবারও আসবে বলে আশাবাদী। কারণ, কামরান সবসময় তাদের পাশে ছিল।’
শ্যামা হক বলেন, ‘গত নির্বাচনেও ময়মনসিংহ অঞ্চলের মানুষ আরিফকে ভোট দিয়েছেন। এবারও তারা আরিফের সাথে আছেন।’
শুধু আসমা কামরান ও শ্যামা হকই নয়, কামরান ও আরিফ নিজেরাও ময়মনসিংহ অঞ্চলের ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। এজন্য সিলেটস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির নেতৃবৃন্দের সাথেও তারা যোগাযোগ রাখছেন।
ময়মনসিংহ সমিতির সাধারণ সম্পাদক তৌফিকুল আলম বাবলু বলেন, ‘সিলেট সিটি নির্বাচনে প্রধান দুই মেয়র প্রার্থী, কামরান ও আরিফ ময়মনসিংহ অঞ্চলের জামাই। তাই সিলেট নগরীতে বসবাসরত ময়মনসিংহ অঞ্চলের মানুষদের ভোট ভাগাভাগি হবে।’



























