বৃষ্টি রাতেও অব্যাহত থাকবে: আজ সকাল থেকে অবস্থার পরিবর্তন হতে পারে
- Update Time : ০১:১৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত বৃহস্পতিবার থেকে রাজধানীসহ সারাদেশে বৃষ্টি শুরু হয়। গতকাল শুক্রবার সারাদিন টানা বৃষ্টি হয়েছে, যা রাতেও অব্যাহত ছিল। নিম্নচাপের প্রভাবে সৃষ্টি হওয়া এই বৃষ্টি রাতেও অব্যাহত থাকবে। আজ রোববার সকালে এ অবস্থার পরিবর্তন হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ‘এমন বৃষ্টি আগামীকাল রোববার সকাল পর্যন্ত অব্যাহত থাকবে। এরপর থেকে হয়তো অবস্থার পরিবর্তন ঘটবে। তিনি বলেন, ‘এই টানা বৃষ্টির সঙ্গে দেশের বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও ভারির্ষণও হতে পারে। নাজমুল হক আরও জানান, ঢাকায় শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল নয়টা পর্যন্ত ১৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে, ২৭১ মিলিমিটার।
এদিকে, গত তিন দিনের টানা বৃষ্টিতে নগরীর বেশিরভাগ এলাকা ডুবে গেছে। যার ফলে রাজধানীতে দেখা দিয়েছে চরম জনদুর্ভোগ। বিশেষ করে সমস্যায় পড়তে হচ্ছে শিক্ষার্থী ও অফিসগামী মানুষদের। তাছাড়া খেটে খাওয়া মানুষরা পড়েছেন চরম বিপাকে। পশ্চিম-মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে স্থল নিম্নচাপে রূপ নিয়ে উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুর চাপের তারতম্যের অধিক্য বিরাজ করছে এবং গভীর সঞ্চালন মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। তবে আগামী দু’দিনে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে থাকতে বলা হয়েছে।



















