৪ লাখ টাকার ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার
- Update Time : ০৫:১৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
- / ১১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেটের বিয়ানীবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ অমিত বিশ্বাস (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বিয়ানীবাজার থানা পুলিশ উপজেলার ১ নম্বর আলীনগর ইউনিয়নের খাসা গ্রামের গাছতলা পয়েন্টে অভিযান চালায়। এ সময় সিলেট-বিয়ানীবাজার সড়কের পাশে তারেকের দোকানের সামনে তল্লাশি চালিয়ে অমিত বিশ্বাসকে আটক করা হয়। গ্রেফতার অমিত বিশ্বাস জকিগঞ্জ উপজেলার বিপক গ্রামের দীগেন্দ্র বিশ্বাসের ছেলে। পুলিশ জানায়, তার কাছ থেকে ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। প্রতি পিস ইয়াবার আনুমানিক মূল্য ৩০০ টাকা হিসেবে জব্দ করা ইয়াবার বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।




























