জগন্নাথপুরে তিন দিন ধরে কিশোর-কিশোরী নিখোঁজ
- Update Time : ১১:১৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে নবম শ্রেণির এক স্কুলছাত্রী ও নবম শ্রেণির মাদ্রাসাছাত্র আলিম উদ্দিন নামে এক কিশোর তিন দিন ধরে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। নিখোঁজ স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে নবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। জানা যায়, গত রোববার (২০ সেপ্টেম্বর) জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামের মাদ্রাসাছাত্র আলিম উদ্দিন ও নবীগঞ্জ উপজেলার নবম শ্রেণির ওই স্কুলছাত্রীকে জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুর আল জান্নাত এলাকায় একটি টমটমে দেখতে পান স্থানীয় কয়েকজন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা টমটমটি থামিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদের সময় তারা নিজেদের ভাই-বোন বলে পরিচয় দেয়। এ সময় কয়েকজন তরুণ তাদের ভিডিও ধারণের চেষ্টা করলে স্কুলছাত্রী ভিডিও না করার জন্য বাধা দেয় বলে জানা গেছে। একপর্যায়ে কৌশলে তারা সেখান থেকে চলে যায়। এরপর রোববার থেকে ওই দুই কিশোর-কিশোরীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। স্থানীয়দের দাবি, তাদের মধ্যে পূর্বপরিচয়ের সম্পর্ক ছিল। তবে তারা বর্তমানে কোথায় রয়েছে কিংবা কী কারণে নিখোঁজ হয়েছে—এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে নিখোঁজের পর উভয় পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের ছবি প্রকাশ করে সন্ধান চেয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তিন দিন ধরে তাদের সন্ধান না পাওয়ায় সকলের সহযোগিতা কামনা করেছেন। এ ঘটনায় নিখোঁজ স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে নবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ তাদের সন্ধান ও উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ঘটনাটি নিয়ে জগন্নাথপুর ও নবীগঞ্জ এলাকায় আলোচনা চলছে।




























