সিলেটে ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
- Update Time : ০৮:৪৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১২ আগস্ট ২০২৬
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক আহসান আহমাদ খান বলেছেন, “জুলাই গণঅভ্যুত্থান এ দেশের ছাত্র-জনতার দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের এক ঐতিহাসিক মাইলফলক। এই গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ যে আকাঙ্ক্ষা ও প্রত্যাশা ব্যক্ত করেছে, তা বাস্তবায়নে কোনো ধরনের টালবাহানা গ্রহণযোগ্য নয়। গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার সঙ্গে জড়িতদের নিরপেক্ষ ও দ্রুত বিচারের আওতায় আনতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে শিক্ষাঙ্গনে সন্ত্রাস, দখলদারিত্ব, চাঁদাবাজি ও আধিপত্যের কোনো স্থান থাকবে না। শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাধীন পরিবেশে শিক্ষা গ্রহণের অধিকার নিশ্চিত করতে হবে।” তিনি আরও বলেন, “দেশের ভবিষ্যৎ প্রজন্মকে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ উপহার দিতে হলে জুলাইয়ের চেতনা ও ছাত্র-জনতার প্রত্যাশাকে রাষ্ট্রীয় সংস্কারের মাধ্যমে বাস্তবে রূপ দিতে হবে। কোনো গোষ্ঠীর স্বার্থে জুলাইয়ের অর্জনকে বিসর্জন দেওয়া যাবে না।” বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর কতৃক আয়োজিত মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরীর সভাপতি মুহিবুর রহমান রায়হানের সভাপতিত্বে আয়োজিত মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরবর্তী সমাবেশে মিলিত হয়। মহানগর সেক্রেটারি সাজিদুর রহমানের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সিলেট পশ্চিম জেলার সভাপতি আব্দুল বাসিত, শ্রমিক মজলিস সিলেট মহানগর সভাপতি আব্দুর রহিম, সিলেট পূর্ব জেলার সেক্রেটারি মিনহাজুল হক রিফাত, মৌলভী বাজার শহর শাখার সেক্রেটারি এহসানুল হক ফুজায়েল, পশ্চিম জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া।
দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বায়তুলমাল সম্পাদক খালেদ আহমদ, পূর্ব জেলা বায়তুলমাল সম্পাদক হুসাইন আহমদ জুবায়ের, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল মুকিত, অফিস ও পাঠাগার সম্পাদক মিসবাহ আহমদ জয়, পূর্ব জেলার অফিস ও পাঠাগার সম্পাদক হাম্মাদ মামনুন, মাদ্রাসা কার্যক্রম সম্পাদক জিয়াউর রহমান আল মুমিন, সিলেট সরকারি কলেজ শাখার সভাপতি মাহমুদ সিদ্দিকী, জালালাবাদ থানা সভাপতি ইশমাম আহমদ, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা সভাপতি রাকিব হোসাইন, কোতোয়ালি পশ্চিম থানা সভাপতি কামরান হোসাইন কামরুল, এমসি কলেজ প্রচার সম্পাদক আব্দুল ওয়াদুদ, এমসি কলেজ শাখার তত্ত্ববাধায়ক আহমদ সালমান প্রমুখ।




























