নিখোঁজ মাদ্রাসাছাত্রী ফারিয়ার সন্ধানের দাবিতে মানববন্ধন
- Update Time : ০৮:৪১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: নিখোঁজের সাত দিন পেরিয়ে গেলেও মাদ্রাসাছাত্রী ফারিয়া আক্তারের (৯) কোনো সন্ধান মেলেনি। তাকে দ্রুত উদ্ধার ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন স্বজন ও স্থানীয়রা। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে হবিগঞ্জের বানিয়াচং স্থানীয় বড়বাজারের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের সদস্য, স্থানীয় এলাকাবাসী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি শিশু সাত দিন ধরে নিখোঁজ থাকা সত্ত্বেও তাকে উদ্ধার করতে না পারাটা দুঃখজনক। তারা অবিলম্বে ফারিয়াকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
নিখোঁজ ফারিয়ার স্বজনরা জানান, ঘটনার পর থেকে তাকে ফিরে পাওয়ার আশায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে তাদের। ফারিয়াকে দ্রুত খুঁজে পেতে তারা প্রশাসনের কাছে সর্বোচ্চ সহযোগিতার দাবি জানিয়েছেন। স্থানীয়রা জানান, ফারিয়া স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী ছিল। সে নিখোঁজ হওয়ার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।




























