কুরবানী, জনস্বাস্থ্য ও সচেতনতা
- Update Time : ০৪:০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ঈদুল আজহা মুসলিম উম্মাহর অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এই উৎসব শুধু ত্যাগের শিক্ষা দেয় না বরং মানবতা, সহমর্মিতা, পরিচ্ছন্নতা এবং সামাজিক দায়িত্ববোধেরও শিক্ষা দেয়।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ (স্বাস্থ্য ও পুষ্টি) হিসেবে মনে করি, কুরবানী শুধুমাত্র ধর্মীয় ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, পরিবেশ সচেতনতা এবং পুষ্টি ব্যবস্থাপনার সাথেও গভীরভাবে সম্পর্কিত।
বর্তমান নগরজীবনে কুরবানীর সময় বিপুল সংখ্যক পশু জবাই, বর্জ্য ব্যবস্থাপনা, খাদ্য সংরক্ষণ এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। তাই ধর্মীয় অনুভূতির পাশাপাশি জনস্বাস্থ্য সচেতনতা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ।
কুরবানীর প্রকৃত উদ্দেশ্য পশু জবাই নয় বরং আল্লাহর প্রতি আনুগত্য ও আত্মত্যাগের মানসিকতা অর্জন। ইসলাম আমাদের শেখায়, ইবাদতের সৌন্দর্য তখনই পূর্ণতা পায় যখন তা মানুষের কল্যাণের সাথে সম্পৃক্ত হয়।
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন
“আল্লাহর কাছে পৌঁছায় না পশুর গোশত বা রক্ত বরং পৌঁছায় তোমাদের তাকওয়া বা আল্লাহভীতি।
সূরা আল-হাজ্জ ৩৭
এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, কুরবানীর সাথে দায়িত্ববোধ ও সচেতনতার সম্পর্ক অত্যন্ত গভীর।
জনস্বাস্থ্যের দৃষ্টিতে সুস্থ পশু নির্বাচন অত্যন্ত জরুরি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আমি মনে করি, নিরাপদ কুরবানীর প্রথম শর্ত হলো সুস্থ ও রোগমুক্ত পশু নির্বাচন। অসুস্থ পশু মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে | অনেক প্রাণিজ রোগ মানুষের মধ্যেও সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে।
পশু কেনার সময় যেসব বিষয় খেয়াল রাখা প্রয়োজন
✔ পশু স্বাভাবিকভাবে চলাফেরা করছে কিনা
✔ শরীরে ক্ষত বা অস্বাভাবিক ফোলা আছে কিনা
✔ অতিরিক্ত দুর্বল বা অসুস্থ দেখাচ্ছে কিনা
✔ চোখ, নাক বা মুখ দিয়ে অস্বাভাবিক কিছু বের হচ্ছে কিনা প্রয়োজনে ভেটেরিনারি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
এটি শুধু ব্যক্তিগত নিরাপত্তা নয় বরং জনস্বাস্থ্য সুরক্ষার ও অংশ স্বাস্থ্যবিধি মেনে কুরবানী করা অপরিহার্য কুরবানীর সময় অনেক স্থানে অপরিকল্পিত জবাই ও অপরিষ্কার পরিবেশ দেখা যায়, যা সংক্রমণের ঝুঁকি বাড়ায় | তাই স্বাস্থ্যবিধি মেনে কুরবানী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরিষ্কার স্থানে জবাই রাস্তা বা ড্রেনের পাশে পশু জবাই না করে নির্ধারিত ও পরিষ্কার স্থানে কুরবানী করা উচিত। এতে পরিবেশ দূষণ কমে এবং জনদুর্ভোগ হ্রাস পায়। হাত ও সরঞ্জাম পরিষ্কার রাখা জবাইয়ের আগে ও পরে সাবান দিয়ে হাত ধোয়া জরুরি। ছুরি, দা ও অন্যান্য সরঞ্জাম পরিষ্কার রাখা সংক্রমণ প্রতিরোধে সহায়ক।
ব্যক্তিগত সুরক্ষা:-
যারা কুরবানীর কাজে যুক্ত থাকেন, তাদের গ্লাভস, বুট ও এপ্রোন ব্যবহার করা উচিত। এতে রক্ত বা জীবাণুর সংস্পর্শজনিত ঝুঁকি কমে।
বর্জ্য ব্যবস্থাপনা- জনস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ অংশ
কুরবানীর পর সবচেয়ে বড় সমস্যা হয় বর্জ্য ব্যবস্থাপনা। রক্ত, নাড়িভুঁড়ি ও অন্যান্য বর্জ্য যদি দ্রুত পরিষ্কার না করা হয়, তাহলে মাছি, মশা ও রোগজীবাণুর বিস্তার ঘটে।
করণীয়:-
নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা
দ্রুত অপসারণ বা মাটি চাপা দেওয়া
জীবাণুনাশক ব্যবহার করা
ড্রেন বা পানিতে বর্জ্য না ফেলা
পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা ধর্মীয় ও সামাজিক দায়িত্বের অংশ।
পুষ্টির দৃষ্টিতে সচেতনতা প্রয়োজন:-
কুরবানীর গোশত গুরুত্বপূর্ণ প্রাণিজ প্রোটিনের উৎস। এতে আয়রন, জিংক ও ভিটামিন বি-১২ এর মতো পুষ্টি উপাদান রয়েছে। তবে অতিরিক্ত লাল মাংস গ্রহণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
একজন স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ হিসেবে আমি মনে করি পরিমিত পরিমাণে গোশত খাওয়া উচিত অতিরিক্ত চর্বিযুক্ত অংশ কম খাওয়া ভালো উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ডায়াবেটিস রোগীদের বিশেষ সতর্ক থাকা প্রয়োজন
গোশতের সাথে শাকসবজি ও আঁশযুক্ত খাবার খাওয়া উপকারী সুষম খাদ্যাভ্যাসই সুস্থ থাকার অন্যতম শর্ত।
নিরাপদ গোশত সংরক্ষণ জরুরি:-
কুরবানীর সময় অতিরিক্ত গোশত সংরক্ষণ করা হয়। কিন্তু সঠিকভাবে সংরক্ষণ না করলে খাদ্যবাহিত রোগের ঝুঁকি বাড়ে।
নিরাপদ সংরক্ষণের কিছু নিয়ম
✔ গোশত দ্রুত পরিষ্কার করা
✔ দীর্ঘসময় খোলা স্থানে না রাখা
✔ পরিষ্কার পাত্র ব্যবহার করা
✔ দ্রুত ফ্রিজে সংরক্ষণ করা
✔ কাঁচা ও রান্না করা খাবার আলাদা রাখা
এতে খাদ্যের গুণগত মান বজায় থাকে এবং স্বাস্থ্যঝুঁকি কমে।
শিশু ও পরিবারের নিরাপত্তা:
কুরবানীর সময় শিশুদের নিরাপত্তার দিকেও গুরুত্ব দিতে হবে। ধারালো অস্ত্র, পশুর আচরণ বা জবাইয়ের দৃশ্য অনেক সময় শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই শিশুদের নিরাপদ দূরত্বে রাখা প্রয়োজন।
পরিবেশ সচেতনতা ইসলামের শিক্ষা:
ইসলাম পরিচ্ছন্নতাকে ঈমানের অংশ হিসেবে বিবেচনা করেছে। তাই কুরবানীর সময় পরিবেশ দূষণ করা কখনোই কাম্য নয়।
আমাদের উচিত✔রাস্তা পরিষ্কার রাখা
✔ প্রতিবেশীর অসুবিধা না করা
✔ পানি ও ড্রেন দূষণ না করা
✔ সামাজিক সৌন্দর্য বজায় রাখা
সামাজিক সহমর্মিতা কুরবানীর অন্যতম সৌন্দর্য
কুরবানীর মূল শিক্ষা হলো ভাগাভাগি করে নেওয়া। সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই কুরবানীর প্রকৃত সৌন্দর্য। আজকের সমাজে কুরবানী যেন প্রদর্শনের প্রতিযোগিতায় পরিণত না হয় সেই বিষয়েও সচেতন হওয়া প্রয়োজন।
একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ (স্বাস্থ্য ও পুষ্টি) হিসেবে আমি মনে করি, কুরবানী শুধু ধর্মীয় ইবাদত নয় এটি স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা, খাদ্য নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা এবং সামাজিক মানবতারও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা।
আমরা যদি সুস্থ পশু নির্বাচন করি
স্বাস্থ্যবিধি মেনে কুরবানী করি
পরিবেশ পরিষ্কার রাখি
নিরাপদভাবে গোশত সংরক্ষণ করি
পরিমিত ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস অনুসরণ করি অসহায় মানুষের সাথে আনন্দ ভাগাভাগি করি তাহলেই কুরবানীর প্রকৃত শিক্ষা বাস্তবায়িত হবে।
ঈদুল আজহা হোক পরিচ্ছন্ন, নিরাপদ, পুষ্টিসচেতন ও মানবিক
আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবানী কবুল করুন।
আমিন।
লেখক: মনজুরুল মাআবুদ: মাস্টার্স অব পাবলিক হেলথ (স্বাস্থ্য ও পুষ্টি)




























