এমসি কলেজের নতুন অধ্যক্ষ মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
- Update Time : ০৬:৩৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। সোমবার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ ১৬তম বিসিএসের একজন কর্মকর্তা। বর্তমানে তিনি বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন।
এর আগে তিনি এমসি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও রসায়ন বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন। তিনি এমসি কলেজে ১৯৯৮ সালে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে ২০০৮ সালে তিনি প্রভাষক থেকে সহকারী অধ্যাপক, ২০১৩ সালে সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক ও ২০২৩ সালে তিনি অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। ২০২৫ সালে তিনি বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন পান। আর সোমবার তিনি অধ্যক্ষ হিসেবে এমসি কলেজে পদায়ন পেয়েছেন।
অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ এমসি কলেজের মোহনা সাংস্কৃতিক সংগঠনের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করেন।
অধ্যক্ষ হওয়ার বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ বলেন, ‘আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর অশেষ শুকরিয়া। মুরারিচাঁদ কলেজকে এগিয়ে নিতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি কো-কারিকুলার অ্যাকটিভিটিসে যাতে মুরারিচাঁদ কলেজের শিক্ষার্থীরা এগিয়ে থাকেন, সেদিকেও লক্ষ্য রাখব।’




























