৩০টি নিষিদ্ধ চায়না জাল আগুনে পুড়িয়ে ধ্বংস
- Update Time : ০৩:১৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: বিভিন্ন হাওর এলাকায় মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সোমবার (১৮ মে) দুপুরে উপজেলার হাওরাঞ্চলের বিভিন্ন নদী, খাল, বিল ও জলাশয়ে এ অভিযান পরিচালিত হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিনের নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদ উল্লাহ, ক্ষেত্র সহকারী নারায়ণ চন্দ্র দাসসহ থানা-পুলিশ ও আনসার সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, হাওরাঞ্চলে নিষিদ্ধ চায়না দোয়ারি জাল ব্যবহার করে অবাধে মাছ শিকার করা হচ্ছে। এতে দেশীয় প্রজাতির মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি ছোট মাছ ও পোনা নিধনের কারণে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। মৎস্যসম্পদ রক্ষায় সরকারিভাবে এসব জাল ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। অভিযান চলাকালে বিভিন্ন স্থান থেকে ৩০টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে জব্দ করা জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, হাওরাঞ্চলের মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং অবৈধ জাল ব্যবহারে নিরুৎসাহিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




























