ভাতিজার লাথিতে প্রাণ গেলো চাচার
- Update Time : ০৪:৫০:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার লাথিতে প্রাণ গেল চাচার। বৃহস্পতিবার সকালে
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ফতেপুর (চৌধুরী পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইস্কান্দার আলী (৭০) ওই গ্রামের মৃত হারিছ উল্লার ছেলে।
এদিকে, নিহতের ঘটনার মূল হোতা রুসমত আলীর ছেলে এখলাছ মিয়া (৪০) কে সুনামগঞ্জ থেকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে পুকুর পাড়ের গাছ কেটে সাবাড় করে ভেকু দিয়ে বিরোধপূর্ণ পুকুরের পাড়সহ সীমানা কাটতে শুরু করেন রুসমত আলীর পুত্র এখলাছ মিয়া, তিলুরাকান্দি গ্রামের মৃত আব্দুস ছোবহানের ছেলে আক্কাস আলী ও তার লোকজন। এতে বাধা দেন চাচা ইস্কান্দার আলী। পরে এ ঘটনায় আমজদ আলী, আব্দুল গফুর, আব্দুল মতিন গংরা জড়িত হলে দু’পক্ষে বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় এখলাছ মিয়া লাথি মেরে ফেলে দেন চাচা ইস্কান্দর আলীকে। এসময় এলোপাতাড়ি মারধর করেন আক্কাস, গফুর গংরাও। এতে ঘটনাস্থলেই ইস্কান্দর আলী নিহত হন।
নিহতের পুত্রবধূ ইয়াছমিন বলেন, ভেকু দিয়ে মাটি কাটা ও গাছ কাটতে বাধা দেওয়ার কারণে তাঁর শশুরকে হত্যা করেছেন এখলাছ মিয়া, আক্কাস মিয়া, আব্দুল গফুর গংরা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সাথে জড়িত থাকায় এখলাছ মিয়াকে আটক করা হয়েছে। নিহত ইস্কান্দর আলীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


























