ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পরাজিত করা সহজ নয়- ড. মোহাম্মদ সাদিক
- Update Time : ০৩:৫১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
আল-হেলাল, সুনামগঞ্জ :: পিএসসির সাবেক চেয়ারম্যান ও সচিব এবং সুনামগঞ্জ-৪ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ড. মোহাম্মদ সাদিক সুনামগঞ্জ ৪ নির্বাচনী এলাকা সদর ও বিশ্বম্ভরপুর উপজেলাকে জাতির জনকের কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অভিযাত্রায় এগিয়ে নেয়ার জন্য সকল ইমাম মুয়াযযিন,পুরোহিত,সেবাইত,কবি সাহিত্যিক সাংবাদিক ও বাউল শিল্পীদের সহযোগীতা কামনা করেছেন। তিনি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে নৌকায় ভোট চাই। শনিবার (৩০ ডিসেম্বর) সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বেরীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে,অলিরবাজার ও লক্ষনশ্রী ইউনিয়নের লীলপুর বাজারে পৃথক ৩টি নির্বাচনী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে একথা বলেন।
পৃথক পৃথক নির্বাচনী সমাবেশ শেষে রাতে ড.মোহাম্মদ সাদিক সুনামগঞ্জ শহরের হাজীপাড়াস্থ মদনীয়া মাদ্রাসার ওয়াজ মাহফিলে যোগদান করে ধর্মপ্রাণ তৌহিদী জনতা ও আলেম ওলামাগনের সাথে কুশল বিনিময় করত: নৌকার পক্ষে ভোটাধিকার প্রয়োগের জন্য উপস্থিত সকলের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন। জবাবে মদনীয়া মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুল বছির কওমী মাদ্রাসা সনদের স্বীকৃতি প্রদানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তিনিসহ দেশের আলেম সমাজের সাথে মিটিং এর কথা উল্লেখ করে বলেন,ড.মোহাম্মদ সাদিক একজন যোগ্য প্রার্থী। আমরা তার সাথে আছি এবং তিনি অবশ্যই বিজয়ী হবেন।
সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালামের সভাপতিত্বে বেরীগাঁও স্কুল মাঠের সমাবেশে,আব্দুল মালেকের সভাপতিত্বে পশ্চিম সদরগড় বাজারের সমাবেশে এবং বীর মুক্তিযোদ্ধা ফজর আলীর সভাপতিত্বে লীলপুর বাজারের সমাবেশগুলোতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত,সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল,জেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোঃ আবু সুফিয়ান,সহ সভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল,জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এড. বিমান কান্তি রায়, সুনামগঞ্জ সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এডভোকেট মণীষ কান্তি দে মিন্টু,সাবেক চেয়ারম্যান রেজাউল আলম নিক্কু, দৈনিক সুনামকন্ঠ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি মোঃ জিয়াউল হক,সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন রেজা, সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মকসুদ আলী,সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধার সন্তান আল-হেলাল,সাবেক চেয়ারম্যান আব্দুস ছাত্তার ডিলার,আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম,ইউপি সদস্যা মাজেদা বেগম,ইউপি সদস্যা তানজিনা বেগম রুকশানা,মুক্তিযোদ্ধার সন্তান আবুল হোসেন ও জহীর আহমেদ সোহেলসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
ড. মোহাম্মদ সাদিক বলেন, মনোনয়ন পেয়েই আমি আমার নতুন এবং স্থায়ী ঠিকানা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আসি। সেখানে আমাদের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক নেতৃবৃন্দ দুদিক থেকে আমাকে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলা শাখা তারা অসাধারন উদারতা দেখিয়ে প্রমাণ করেছেন তারা আজ ঐক্যবদ্ধ। তাই ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পরাজিত করা সহজ নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেত্রী নন,দক্ষিণ এশিয়ার অবিসংবাদিত নেত্রী উল্লেখ করে তিনি বলেন, নেত্রী নৌকা প্রতীক দিয়ে আমাকে ওয়ার্কার হিসেবে স্বীকৃতি দিয়েছেন বলেই জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনাদের সাথে আমাকে পরিচয় করে দেওয়ার জন্য বারবার আপনাদের সামনে নিয়ে এসেছেন। আমি এ ঋন কখনও শোধ করতে পারবনা। আমি নেতৃবৃন্দের সাথে প্রত্যেকটি গ্রাম হাটবাজারসহ নির্বাচনী এলাকার জনগনের কাছে গিয়ে তাদের দু:খ এবং দীর্ঘশ্বাস দেখেছি। সুরমা রঙ্গারচর ইউনিয়নের মাত্র কয়েকটি গ্রাম যেন এক একটি বিচ্ছিন্ন দ্বীপ। ছোট্ট একটি ব্রীজের কারণে মানুষ প্রকৃতির কাছে জিম্মি হয়ে আছেন। হালুয়ারগাঁও-ধারারগাঁও সেতুটি না হওয়ায় আমার নির্বাচনী এলাকা গত ১০/১৫টি বছরে অনেকদূর পিছিয়ে পড়েছে। ফতেহপুরে একটা ছোট্ট ব্রীজের জন্য কয়েকটা গ্রামে গাড়ী চলতে পারেনা। অথচ জননেত্রী শেখ হাসিনা মায়ের মমতা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। পদ্মাসেতুর মত একটি বড় সেতু তিনি নির্মাণ করে দিয়েছেন। আমাদের পাশের উপজেলা শান্তিগঞ্জ যেন একটা সিঙ্গাপুর। কিন্তু আমরা কত পেছনে পড়ে রয়েছি। এর জবাব আমাদের জনপ্রতিনিধি দিতে পারছেননা। আজকে শুনলাম কর্মসৃজন প্রকল্প নাকি তুলে দেওয়া হয়েছে। এর মানে সুনামগঞ্জের সকল মানুষ ধনী হয়ে গেছে। কিন্তু বাস্তবে আমরা কতটা দারিদ্র্যসীমার নীচে বাস করছি তা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করা যাবেনা।
তিনি বলেন,আমি নির্বাচিত হলে কথা দিচ্ছি যা করবো আপনাদের সকলকে নিয়ে করবো। আপনাদের চোখের সামনে সবকিছু হবে। শিক্ষা সচিব বা পিএসসি চেয়ারম্যান থাকাকালে আমার দরজার সামনে কোন দালাল ছিলনা। আপনাদের কামলা বা এমপি নির্বাচিত হলে আমার বাড়ীতে আমার ঘরে যেতে কোন দালাল লাগবেনা। আমি কথা দিচ্ছি প্রয়োজনে নেত্রীর পায়ে ধরে সুনামগঞ্জের উন্নয়নে যা যা দরকার তার সবকিছুর ব্যবস্থা আমি করে দেবো ইনশাল্লাহ।
ড. সাদিক বলেন নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচনী এলাকার প্রত্যন্ত গ্রামাঞ্চলে আমি ঘুরে বেড়িয়েছি। সম্মানীত ভোটাররা আমাকে তাদের মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ,মন্দির ও কবরস্থানের উন্নয়নের কথা বলেছেন। ব্রীজের কথা বলতে গিয়ে অনেকে হাউমাউ করে কেঁদেছেন। আমি সকলকে প্রতিশ্রæতি দিয়েছি এসব কাজ করা আমার পক্ষে কোন কঠিন নয় বরং সহজ কাজ। শিক্ষা সচিব থাকাকালে ধারারগাঁও হালুয়ারগাঁও সেতু বাস্তবায়নের জন্য আমিই সর্বপ্রথম মন্ত্রণালয়ে ডিও লেটার দিয়েছি। আমি সিটিং এমপি না। নির্বাচন কমিশনের সাবেক সচিব ছিলাম। কাউকে প্রভাবান্বিত করার কোন সুযোগ আমার নেই। সুতরাং কেউ যদি আমার বিরুদ্ধে বিষোদঘার করে থাকেন তাহলে সেটা না জেনে অন্যায় করছেন। তিনি বলেন,পাল্টাপাল্টি জবাব দেওয়ার চাইতে ভোটারদের কাছে গিয়ে তাদের সুখ দু:খের ভাগীদার হওয়া অনেক ভালো। আমি লিডার হতে আসিনি ওয়ার্কার হতে এসেছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন মনোনয়নপত্র দাখিল করতে চান তখন রিটার্নিং অফিসার চেয়ারে বসা ছিলেন। আমিও জেলা রিটার্নিং অফিসার ও উপজেলা রিটার্নিং অফিসারদের কাছে আমার মনোনয়নপত্র দাখিল করতে গিয়ে দাড়িয়ে থেকেই দাখিল করেছি। চেয়ারে বসিনি। কারণ আমি জানি রিটার্নিং অফিসারের পদটি কতটুকু গুরুত্বপূর্ণ। আমি শিষ্টাচার বোধ বলতে যা বুঝায় তা শিখেছি। নির্বাচনে অন্যায়ভাবে প্রভাব বিস্তারের পক্ষপাতি আমি নই। আমি অহেতুক গলাবাজি পছন্দ করিনা করতে চাইওনা। আমার কথা একটাই শেখ হাসিনার উন্নয়ন অভিযাত্রায় সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলাকে একীভূত করতে চাই।
লীলপুর বাজারের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব নুরুল হুদা মুকুট বলেন,সুনামগঞ্জের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে হলে ড.সাদিককে নির্বাচিত করা ছাড়া আর কোন উপায় নেই। তিনি বলেন,জননেত্রী শেখ হাসিনার প্রতি সম্মান জানিয়ে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে নৌকার প্রার্থী ড.মোহাম্মদ সাদিককে নির্বাচিত করুন। কারণ নির্বাচিত হয়ে আপনাদের সকল নেতাকর্মীদের নিয়ে তিনি সুনামগঞ্জকে আরো এগিয়ে নিতে তার সাধ্যমতো প্রচেষ্টা নেবেন। এবং এ লক্ষ্য বাস্তবায়নে আমি তার পক্ষে দলমত নির্বিশেষে আপনাদের সকলের সহযোগীতা চাই।
এর আগে শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল আড়াইটায় সুনামগঞ্জ পৌরবিপনী মার্কেটে ইমাম মুয়াযযিন পরিষদ এবং রাত ৯টায় জেলা শিল্পকলা একাডেমির সামনে প্রধান নির্বাচনী কার্যালয়ে জেলার সকল কবি সাহিত্যিক সাংবাদিক ও বাউল শিল্পীদের সাথে পৃথক পৃথক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃব্য রাখেন ড.মোহাম্মদ সাদিক।



















