জগন্নাথপুরে জমে উঠেছে ঈদ বাজার, ব্যাংকে গ্রাহকদের ভিড়
- Update Time : ০৭:০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসি অধ্যুষিত জগন্নাথপুরে জমে উঠেছে ঈদের বাজার। ঈদকে সামনে রেখে এখন কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন উপজেলার মানুষ। রমজানের প্রথম থেকেই আলোক সজ্জাসহ আকর্ষনীয় সাজে সজ্জিত করা হয়েছে উপজেলার বিভিন্ন মার্কেট ও দোকান। প্রবাসীদের সংখ্যা বেশি হওয়ায় প্রবাসী আত্মীয়-স্বজনের পাঠানো টাকায় উপজেলার অধিকাংশ পরিবারে ঈদ হয়। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রবাসীরা স্বজনদের জন্য বিদেশ থেকে টাকা পাঠাচ্ছেন। যার কারণে প্রতিদিন উপজেলার বিভিন্ন ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে গ্রাহকদের ভিড় লক্ষ্য করা গেছে। ঈদ যত ঘনিয়ে আসছে বিপনী বিতান গুলোতে ততই বাড়ছে ক্রেতাদের ভীড়। সন্ধ্যার পরও বিভিন্ন মার্কেটে ক্রেতাদের ভিড় লক্ষ করা যাচ্ছে।

ঈদকে সামনে রেখে সময়ের আগেই কেনা-কাটা সম্পন্ন করতে মার্কেটমুখী হয়েছেন অনেকেই। তবে নিম্ম আয়ের মানুষ কম মূল্যে কেনা-কাটা করতে ভীড় জমাচ্ছেন ফুটপাতের দোকানে। কসমেটিকস ও জুতার দোকানেও ক্রেতাদের ভীড় লক্ষ করা গেছে। তবে এবার বোরো ধান তলিয়ে যাওয়ায় ঈদ নিয়ে কৃষকদের মধ্যে তেমন আনন্দ নেই। রমজানের শেষ মুহুর্তে আরো জমে উঠবে ঈদ বাজার।


























