নবীগঞ্জে প্রেমিকের প্রতারণায় গলায় ফাঁস স্কুলছাত্রীর
- Update Time : ০৩:২৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের নবীগঞ্জে প্রেমিকের প্রতারণার শিকার হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে দেবিকা সরকার (১৬) নামে এক স্কুলছাত্রী। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে। দেবিকা সরকার উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের করিয়া গ্রামের প্রিয় চান সরকারের মেয়ে এবং রাজারানী সুভাষিণী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
নিহতের বাবা প্রিয় চান সরকার জানান, দেবিকার সঙ্গে একই গ্রামের সিবাস সরকারের ছেলে সিএনজি অটোরিকশা চালক সন্তোষ সরকারের বেশ কিছুদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এরই মধ্যে তারা একে অন্যকে বিয়ে করবে বলেও সম্মত হয়। সম্প্রতি সন্তোষকে বিয়ের জন্য চাপ দেয় দেবিকা; কিন্তু তাতে রাজি হয়নি সন্তোষ। উল্টো সে দেবিকার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অপপ্রচার শুরু করে। এ অপমান সইতে না পেরে দেবিকা নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ছাত্রীর বাবা আরও বলেন, দেবিকার মৃত্যুর পর তার কাছে থাকা একটি চিরকুট আমরা পেয়েছি। এতে তার সম্পর্কের কথা লেখা রয়েছে।
এ ব্যাপারে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দেবাশীষ রায় জানান, মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত ছাড়া বলা যাবে না।
নবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার জানান, ঘটনাটি খতিয়ে দেখার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়াও চিরকুটের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে





























