জগন্নাথপুরে ভুল চিকিৎসার অভিযোগ, সিলেটে নেওয়ার পর অপারেশনের পরামর্শ
- Update Time : ১২:০৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / ১০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে এক চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। বর্তমানে ওই রোগী সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং অপারেশনের অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। জানা যায়, জগন্নাথপুর পৌর এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক সৈয়দ নাদিম আহমদের কাছে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের গোপরাপুর গ্রামের মৃত আব্দুল বারিকের স্ত্রী হোসনা বেগম চিকিৎসা নেন। এ সময় রোগীর এক্স-রে করা হয়। পরিবারের দাবি, এক্স-রে প্রতিবেদনে একটি জয়েন্টে ভাঙনের বিষয়টি দেখা গেলেও চিকিৎসক সৈয়দ নাদিম আহমদ সেটিকে ভাঙা নয় বলে জানান এবং ওষুধ সেবন করলে ব্যথা চলে যাবে বলে পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগী প্রায় এক সপ্তাহ ওষুধ সেবন করলেও ব্যথা কমেনি। পরে পরিবারের সদস্যরা শনিবার (২৬ সেপ্টেম্বর) রোগীকে সিলেটে ডাঃ সাইরাস সাকিবারের কাছে নিয়ে যান। সেখানে জগন্নাথপুরে করা এক্স-রে দেখার পর দ্রুত হাসপাতালে ভর্তি করে অপারেশন করার পরামর্শ দেওয়া হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। রোগীর পরিবারের দাবি, শুরুতেই সঠিক চিকিৎসা পাওয়া গেলে পরিস্থিতি এতটা জটিল হতো না। তারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, চিকিৎসকের ভুলের কারণে যদি রোগীর এমন পরিস্থিতি হয়ে থাকে, তাহলে তারা কোথায় যাবেন? এ বিষয়ে রোগীর পরিবার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে বক্তব্য জানতে ডাঃ সৈয়দ নাদিম আহমদের সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।




























