বিশ্বনাথে তালাবদ্ধ সেই মার্কেট আদালতের নির্দেশে খুলে দিল পুলিশ
- Update Time : ১০:২৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে পৈত্রিক সম্পত্ত্বি নিয়ে বিরোধের জের ধরে প্রবাসী কর্তৃক মার্কেটে তালা দেওয়ার ২৫ দিন পর অবশেষে আদালতের নির্দেশে উপজেলার বাগিছা বাজারস্থ ‘হাজী আবদুল করিম সুপার মার্কেটের’ তালা খুলে দিয়েছে থানা পুলিশ। সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১ম আদালতের নির্দেশে মঙ্গলবার (১৭জুলাই) বিকেলে বিশ্বনাথ থানার এসআই শফিকুল ইসলামের নেতত্বে একদল পুলিশের উপস্থিতিতে মার্কেটে লাগানো তালা খুলে দেন প্রবাসী সাইফুল ইসলাম সায়েক গংরা। এতো কিছুর পরও আদালতের নির্দেশে দীর্ঘদিন পর মার্কেটের তালা খুলে দেওয়ায় ও নিজেদের ব্যবসা শুরু করতে পারায় আনন্দ প্রকাশ করেছেন ব্যবসায়ী।
উল্লেখ্য, উপজেলার দেওকলস ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের মরহুম হাজী আবদুল করিমের পুত্র যুক্তরাজ্য প্রবাসী সায়েস্থা আহমদ ওরফে সায়েস্তা মিয়ার কাছ থেকে চুক্তিপত্রের মাধ্যমে দোকান কোঠা ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন ৬ ব্যবসায়ী। জায়গা-জমি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে গত ২৩ জুন মার্কেটে তালা লাগিয়ে দেন সায়েস্তা মিয়ার অপর ভাইয়েরা (প্রবাসী চান মিয়া ও সাইফুল ইসলাম সায়েক গংরা)। মার্কেটে তালা দেওয়ার পর ব্যবসায়ীরা আদালতে মামলা দায়ের করেন। অবশেষে সার্বিক দিক পর্যালোচনায় ন্যায় বিচারের স্বার্থে বন্ধ দোকান খুলে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ’কে নির্দেশ প্রদান করেন আদালত।


























