বিষপানে মেয়েসহ বাবা-মার আত্মহত্যা
- Update Time : ০১:৪৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: মুন্সীগঞ্জের শ্রীনগরে স্বামী-স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের তিনজন বিষপানে আত্মহত্যা করেছেন। বুধবার রাত সাড়ে ৭টা দিকে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে এ আত্মহত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।
নিহতরা হলেন- মাছ ব্যবসায়ী মো. মমিন, তার স্ত্রী লুবনা বেগম ও শিশু কন্যা সানজিদা।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আলমগীর হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো আত্মহত্যার কারণ জানা যায়নি।
স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস মেম্বার জানান, ওই গ্রামের মাছ ব্যবসায়ী মো. মমিন, তার স্ত্রী লুবনা বেগম ও শিশু কন্যা সানজিদা একই সাথে বিষপান করে। বিষের তীব্রতায় প্রথমে সানজিদা মারা যায়। পরে মমিন ও সর্বশেষ তার স্ত্রী লুবনা মারা যায়।
প্রতিবেশীরা জানায়, হাসপাতালে নেয়ার আগেই তারা মারা যায়। তাদের আরেক মেয়ে স্বর্ণা বিষ না খাওয়ার কারণে বেঁচে যায়। স্বর্ণা ও সানজিদা স্থানীয় শ্রীধরপুর মহিলা মাদ্রাসার ছাত্রী।



















