০৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘সরকার চাইলে রোহিঙ্গাদের সহায়তা দেবে বিশ্বব্যাংক’
- Update Time : ০৮:০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: বাংলাদেশে চলমান রোহিঙ্গা সংকট নিয়ে সহায়তার জন্য বিশ্বব্যাংক প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান। বাংলাদেশ সরকার চাইলে বিশ্বব্যাংক শরণার্থীদের সহায়তা দিতে এগিয়ে আসবে বলে উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার আগারগাঁওস্থ বিশ্বব্যাংকের ঢাকা অফিসে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশকে শরণার্থী বিষয়ে দীর্ঘমেয়াদে কাজ করতে হতে পারে। সেখানে স্বাস্থ্য, স্যানিটেশনসহ অনেক বিষয়ে কাজ করতে হবে। আমরা বিষয়টি নিয়ে জাতিসংঘসহ অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে গভীরভাবে পর্যবেক্ষণ করছি।
তিনি আরো বলেন, বিশ্বের বিভিন্ন দেশের শরণার্থীদের সহায়তা দিতে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির (আইডা) ‘রিফিউজি ফান্ড’ নামে একটি তহবিল রয়েছে। আইডা-১৮ লোন প্যাকেজের আওতায় আগামী ৩ বছরের জন্য এই খাতে দুইশ কোটি ডলার বরাদ্দ রয়েছে। যেকোন একটি দেশ সর্বোচ্চ ৪০ কোটি ডলার এই তহবিল হতে গ্রহণ করতে পারে। বাংলাদেশ সরকার প্রকল্প প্রস্তাবনার মাধ্যমে অর্থ চাইলে আমরা এই তহবিল হতে সহায়তা দিতে প্রস্তুত। এর কত অংশ অনুদান ও ঋণ হবে সে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা প্রকল্প প্রস্তাবনার উপর নির্ভর করে।



















