অসুস্থ ও অসহায় দুই পরিবারকে গহরপুর এসোসিয়েশন ইউকে’র আর্থিক সহায়তা
- Update Time : ১২:৩৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেটের বালাগঞ্জ উপজেলায় গুরুতর অসুস্থ ও বিপদগ্রস্ত দুটি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংগঠন ‘গহরপুর এসোসিয়েশন ইউকে’। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সংগঠনের পক্ষ থেকে পৃথকভাবে ওই পরিবারগুলোর হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। সহায়তা প্রাপ্তরা হলেন—দেওয়ান বাজার ইউনিয়নের বড়জমাত গ্রামের গুরুতর অসুস্থ প্রবাসফেরত যুবক মোস্তাক আহমদ মছরুর এবং একই ইউনিয়নের চর আলাপুর গ্রামের ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত মো. আছার মিয়ার পরিবার। সংগঠনের পক্ষ থেকে মোস্তাক আহমদ মছরুরের চিকিৎসার ব্যয়ভার বহনে ৮০ হাজার টাকা এবং মৃত আছার মিয়ার পরিবারের বসতঘর নির্মাণের জন্য ৫০ হাজার টাকা প্রদান করা হয়। সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাবিবুর রহমান রোকন ও সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফয়জুর রহমান সরাসরি ভুক্তভোগী পরিবারগুলোর বাড়িতে গিয়ে এই অর্থ সহায়তা প্রদান করেন। এসময় নেতৃবৃন্দ ক্যান্সারে মৃত আছার মিয়ার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং অসুস্থ মোস্তাক আহমদ মছরুরের চিকিৎসার খোঁজখবর নেন। এসময় গহরপুর এসোসিয়েশন ইউকে’র নেতৃবৃন্দ বলেন, অসহায়, দারিদ্র্যপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করাই আমাদের সংগঠনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে। অনুদান প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেওয়ান বাজার সবুজ দলের সভাপতি ইঞ্জিনিয়ার লোকমান আহমদ, সাংবাদিক জিল্লুর রহমান জিলু, এম এ কাদির, এস এম হেলাল, স্থানীয় সমাজকর্মী রাসেল আহমদ ও আব্দুল আহাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংগঠনের এই মানবিক উদ্যোগকে স্থানীয় এলাকাবাসী ও সুধী সমাজ সাধুবাদ জানিয়েছেন।




























