রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- Update Time : ০৩:৪৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট জেলা সফর সফল ও সুশৃঙ্খল করার লক্ষ্যে একটি বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সিলেট সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, রাষ্ট্রপতির সিলেট সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। সফরকালে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত এবং স্থানীয় নাগরিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করবেন। এই আয়োজনে সিলেটের বিশিষ্ট নাগরিক, বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী এবং রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর তিনি বিশেষ জোর দেন। মন্ত্রী আরও উল্লেখ করেন, রাষ্ট্রপতির কার্যালয় থেকে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন সার্বিক প্রস্তুতি গ্রহণ করবে। রাষ্ট্রপতির আগমন থেকে প্রস্থান পর্যন্ত পুরো কর্মসূচি যাতে অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে প্রয়োজনীয় তালিকা প্রস্তুত এবং আমন্ত্রণপত্র বিতরণের কাজ যথাযথভাবে সম্পন্ন করার নির্দেশ দেন। সিলেট জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হক, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




























