বড় ভাইয়ের বিয়েতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ছোটভাই, এলাকায় শোকের ছায়া
- Update Time : ১১:০০:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭
- / ১১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেটের দক্ষিণ সুরমার হাজিগঞ্জ এলাকায় বড় ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় ছোটভাই রোমন আহমদ (৩৪) নামে একব্যক্তির হৃদয়বিদারক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আবু সাদেক জিকু নামে আরো একজন ইটালি প্রবাসী মারাত্মক আহত হয়েছেন।
নিহত রোমন আহমদ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের বাদেদেউলি গ্রামের ফজলু মিয়ার ছোট ছেলে।
রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের হাজিগঞ্জ এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, ফেঞ্চুগঞ্জ থেকে সিলেটের খাদিম নগরের সূচনা কমিউনিটি সেন্টারে বড় ভাইয়ের বিয়েতে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন বরের ছোট ভাই রোমন আহমদ ও ইটালি প্রবাসী আবু সাদেক জিকু। এ সময় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের হাজিগঞ্জ বাজারের অদূরে সিলেটগামী মাইক্রোবাসকে ওভারটেক করতে গিয়ে ওই মাইক্রোবাসের সাথে দ্রতগামী মোটরসাইকেলের প্রচণ্ড ধাক্কা লাগে এতে মারাত্মক ভাবে আহত হন রোমন আহমদ ও আবু সাদেক জিকু। পরে তাৎক্ষণিক ভাবে গুরুতর অবস্থায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে সিলেট ইবনে সিনা হাসপাতালে ভর্তি করেন। এসময় রোমনের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাঁকে আইসিইউতে নেওয়া হয়। হাসপাতালে আনার একঘণ্টা পর কর্তব্যরত চিকিৎসক রোমনকে মৃত ঘোষণা করেন।
রোমন আহমদের হৃদয়বিদারক অকাল মৃত্যুতে ফেঞ্চুগঞ্জ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।





























