স্বীকারোক্তির চিরকুট : ইমামুল ইসলাম রানা
- Update Time : ০৫:৪৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / ৮ বার নিউজটি পড়া হয়েছে
নীল পত্রের অক্ষর মুছে দাও – স্বেচ্ছায় মৃত্যু
মুছে দাও স্পর্শকতার নিষিদ্ধ হস্তলিপি
মুছে দাও দ্বিধাগ্রস্ত নিশীথ মেঘের ছায়াপটের ইতিকথা
অসীম আকাশের অনির্বাচনীয় অভ্যন্তরে
নৈঃশব্দর অতলান্ত নির্জনে
বিচ্ছুরিত বোধের গহীন শূন্যতা
স্বপ্ন স্বাক্ষরিত কুমারী চোখ –
জীবন সংবিধানের প্রতিটি অক্ষর
সোনালি খামে সুরক্ষিত জীবন
ছিড়ি টুকরো টুকরো করে ফেলো –
ছিড়ে ফেলে স্বীকারোক্তির চিরকুট।
পুড়িয়ে দাও স্মৃতিপটে জমানো মিছে কোলাহল,
ভেঙে ফেলো কাচঘেরা অহংকারের বিষাদ-দেয়াল।
যেখানে থমকে থাকে প্রহর,
ঝরে পড়ে প্রাচীন বিষাদ—
সেখানে সমাহিত হোক সমস্ত পুরোনো অপরাধ।
ধুয়ে যাক শতাব্দীর জমে থাকা তৃষ্ণার ক্যানভাস,
বাতাসে মিলিয়ে যাক হারানো দিনের দীর্ঘশ্বাস।
নিঃসঙ্গ নক্ষত্রের তীব্র আলোয় নিঃশেষ হোক ছায়া,
অস্তরাগের শেষ আঁচলে চুকে যাক পৃথিবীর মায়া।
এবার আঁধার ভাঙুক নির্জনতার নতুন ভোর,
ছুটে যাক রক্তের ভেতর ঘুমিয়ে থাকা প্রাচীন ঘোর।
শব্দহীন শ্লোকে লেখা হোক এক অচেনা নাম,
পরাজয় মেনে নিয়ে ফিরে পাই অনন্ত বিশ্রাম।
কবি: ঝিগলী, ছাতক, সুনামগঞ্জ।




























