বসতবাড়ির রান্নাঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
- Update Time : ০৮:২১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বসতবাড়ির রান্নাঘর থেকে শাহারা বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের হিজলারটুক গ্রামে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত শাহারা বেগম ওই গ্রামের সাজিদুর রহমানের (ইসলাম) দ্বিতীয় স্ত্রী। জানা গেছে, প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর সাজিদুর রহমান শাহারা বেগমকে বিয়ে করেন। তাঁদের তিন বছর বয়সী একটি সন্তান রয়েছে। পুলিশের ধারণা, শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে সকাল ৮টার মধ্যে এ ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে পুলিশ এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সাজিদুর রহমানের প্রথম স্ত্রীর মেয়ে ঘরের দরজা খোলা দেখতে পান। এ সময় তাঁর বাবা ঘুমিয়ে ছিলেন। পরে তিনি রান্নাঘরে গিয়ে শাহারা বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকার শুনে বাবা ও স্থানীয় লোকজন ছুটে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থলে স্বামী সাজিদুর রহমানকে পাওয়া যায়নি। এ ছাড়া ঘরে থাকা সিসিটিভি ক্যামেরা জব্দ করা হয়েছে। ফুটেজ দেখে ঘটনার সময় কী ঘটেছিল, তা জানার চেষ্টা করবে পুলিশ। অন্যদিকে, নিহতের বাবা ও বোনের অভিযোগ, স্বামীর সঙ্গে মনোমালিন্য ও নির্যাতন নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেটে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।




























