ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার, পেলেন নগদ অর্থ ও চাল
- Update Time : ০১:১৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে প্রধানমন্ত্রীর বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির তৃতীয় দফার নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দুর্যোগে ক্ষতিগ্রস্তদের দীর্ঘমেয়াদি সহায়তার অংশ হিসেবে তিন মাসব্যাপী এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় তৃতীয় দফায় প্রতিটি তালিকাভুক্ত পরিবারকে নগদ ৩ হাজার টাকা এবং ১৫ কেজি করে চাল প্রদান করা হয়। সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন জাতীয় সংসদে হাওরাঞ্চলের ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে বিশেষ এই মানবিক বরাদ্দ অনুমোদন করা হয়। পুরো উপজেলায় মোট ১ হাজার ৪০ জন কৃষক এই সুবিধার আওতায় এসেছেন, যার মধ্যে সুরমা ইউনিয়নের ১৪৩ জন কৃষককে আজ সহায়তা প্রদান করা হয়। সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আশাফুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) লুৎফুর রহমান এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শওকত আলী। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অরুপ রতন সিংহ বলেন, বর্তমান জনবান্ধব সরকার সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে রয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা সুনির্দিষ্টভাবে যাচাই-বাছাই করে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই সহায়তা কৃষকদের আর্থিক সংকট কাটিয়ে উঠতে সহায়ক হবে। দুর্যোগের এই কঠিন সময়ে দ্রুত সহায়তা হাতে পেয়ে সাধারণ কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নেও এই বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।




























