অর্ধশতাধিক কৃতী শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা
- Update Time : ০৭:০০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ আগস্ট ২০২৬
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ইউনিয়ন ছাত্রদল। শনিবার (২২ আগস্ট) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে ছোটলেখা উচ্চ বিদ্যালয়ের হলরুমে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. শরীফ উদ্দিন। সঞ্চালনা করেন সিনিয়র ছাত্রনেতা রাহাত আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব এম আরিফুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা ছাত্রদল নেতা জাফর আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্যসচিব শামিমুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা ফরহাদ হোসেন, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসান মো. শাহীন ও ফয়সল আহমদ। এ ছাড়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ তারেক ও উপজেলা ছাত্রদল নেতা রাজিব আহমেদসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে এম আরিফুল ইসলাম কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের আজকের অর্জন ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা, দেশপ্রেম ও যোগ্যতা অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে। স্বপ্ন দেখার পাশাপাশি কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের মাধ্যমে এগিয়ে যাওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন ও শুভকামনা জানান এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য কামনা করেন। এ সময় দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন ছাত্রদলের নেতা তোফাজ্জল ইসলাম বাবর, পারভেজ আহমদ, রুহুল আমিন, তোফায়েল আহমেদ, কামিল হোসেন ও রাহিম আহমদসহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষপর্বে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ অর্ধশতাধিক শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।




























