গণতন্ত্র ও সুশাসন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান- জিয়া গবেষণা পরিষদের সুধী সমাবেশে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার
- Update Time : ০৫:৫৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৪ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও ধর্মীয় মূল্যবোধ সমৃদ্ধ একটি শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার এমপি। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে শহীদ জিয়া গবেষণা পরিষদের উদ্যোগে আয়োজিত ‘গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন, ধর্মীয় মূল্যবোধ সমৃদ্ধ একটি শক্তিশালী বাংলাদেশ গড়তে আমরা ঐক্যবদ্ধ’ শীর্ষক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকায় তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। সংগঠনের সভাপতি আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এমএ মুকিত খান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্র কেবল ভোট দেওয়ার অধিকার নয়; গণতন্ত্র হলো প্রতিটি মানুষের বাকস্বাধীনতা, প্রত্যেকের মতামতের প্রতি শ্রদ্ধা এবং জবাবদিহিতা নিশ্চিত করা। গণতন্ত্রকে টেকসই করতে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা প্রয়োজন। তিনি আরও বলেন, আইন যখন সবার জন্য সমান হবে এবং ধনী-দরিদ্র নির্বিশেষে প্রত্যেকে তার ন্যায্য অধিকার ফিরে পাবে, তখনই সমাজে শান্তি ও ভারসাম্য ফিরে আসবে। দেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় অনুশাসন ও নৈতিকতা মেনে চললে সমাজে অন্যায়, অবিচার ও দুর্নীতি টিকতে পারবে না।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতী মুহিবুল্লাহিল বাকী নদভী, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস মুফতী মনির কাসেমী ও মুফতী শরিফুল্লাহ, আজাদী মঞ্চের চেয়ারম্যান এনামুল হাসান, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান, আইডিইবি আহ্বায়ক ও শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার কবীর হোসেন এবং এশিয়ান ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. এস. এম. ইকবাল হোসেন। এ ছাড়া বক্তব্য রাখেন জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি লায়ন মহিউদ্দিন, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, কুমিল্লা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ কাজী বেল্লাল হোসেন খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. মো. আবুল ফজল মেহেদী, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুস সালাম মাঝি এবং বাউফল উপজেলা যুবদল নেতা মৃধা তারেক রহমান প্রমুখ। বক্তারা শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।





























