তরুণীর শ্লীলতাহানির অভিযোগ: ‘৯৯৯’-এ কল পেয়ে যুবক গ্রেফতার
- Update Time : ১০:৩০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / ১২ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে শিপু মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশ। গ্রেফতার শিপু মিয়া উপজেলার আদমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্যভাগ হেরেঙ্গাবাজার এলাকার কুতুব মিয়ার ছেলে। স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অভিযুক্ত শিপু মিয়া ওই তরুণীর পথরোধ করে তাঁর শ্লীলতাহানি করে বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে সহায়তা চাওয়া হলে কমলগঞ্জ থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গভীর রাতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। এদিকে ঘটনার শিকার ভুক্তভোগী তরুণী বর্তমানে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৯৯৯ থেকে বার্তা পেয়ে দ্রুততম সময়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




























