সিলেটে বলাৎকারের শিকার দুই শিক্ষার্থী, কারাগারে মাদরাসা শিক্ষক
- Update Time : ০৩:৫৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / ৮ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেটে দুই শিশু শিক্ষার্থীদের বলাৎকারের অভিযোগে ফয়জুল হক (৪৫) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে জৈন্তাপুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওইদিন বিকালে তাকে সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ভূঁঞা তাকে বলাৎকার মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এসব তথ্য জানিয়েছেন শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আহমদ। গ্রেফতার হওয়া ফয়জুল সদর উপজেলার পীরেরবাজার এলাকার একটি মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক। তার বাড়ি জৈন্তাপুরে। শিশুদের পরিবারের বরাত দিয়ে ওসি জানিয়েছেন, সম্প্রতি সময়ে ওই দুই ছাত্র মাদরাসা থেকে বাড়িতে ফিরে আর সেখানে যেতে চাইছিল না। অভিভাবকরা কারণ জানতে চাইলে তারা অভিযোগ করেন, প্রতিরাতে তাদের শিক্ষক ফয়জুলের কক্ষে যেতে হতো। সেখানে না গেলে মারধর করা হতো এবং কক্ষে গেলে তাদেরকে বলাৎকার করা হতো। ওসি বলেছেন, ‘ঘটনা জানার পর ফয়জুলের বিরুদ্ধে মামলা করেন এক শিক্ষার্থীর স্বজন। তিনি ওই মাদরাসার আবাসিক শিক্ষক ছিলেন। মামলা হওয়ার পর তিনি মাদরাসা ছেড়ে জৈন্তাপুরে তার বাড়িতে চলে যান।’ ওই দুই শিক্ষার্থীর বয়স ৮ থেকে ১০ বছরের মধ্যে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। ওসি মো. ফেরদৌসের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন। অভিযোগের শিকার দুই শিশুর মেডিকেল পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।




























