স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় কুখ্যাত ‘কাউয়া সামসু’ গ্রেফতার
- Update Time : ০৮:৪২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ১২ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: দিনের দুপুরে নারী পথচারীর স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় জড়িত সামসুল ইসলাম ওরফে ‘কাউয়া সামসু’ (৪০)-কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সামসুল ইসলাম সিলেট জেলার শাহপরাণ (রহ.) থানার দত্তগ্রাম (খিদিরপুর) এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে। পুলিশের রেকর্ড অনুযায়ী, তার বিরুদ্ধে বিভিন্ন জেলায় অন্তত ৭টি অপরাধমূলক মামলা রয়েছে। পুলিশ জানায়, গত ২ আগস্ট সকাল পৌনে ৯টার দিকে মৌলভীবাজার শহরের রঘুনন্দনপুর এলাকায় দেওয়ান শাহেল গাজীর বসতবাড়ির গেটের সামনে এক নারীর গতিরোধ করে তিনজন ছিনতাইকারী। তারা জোরপূর্বক ওই নারীর কাছ থেকে দুটি স্বর্ণের ব্রেসলেট, দুটি আংটি, একটি চেইন ও এক জোড়া কানের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাইকারীদের শনাক্ত করতে সক্ষম হয়। এরই ধারাবাহিকতায় সদর মডেল থানার এসআই জাহিদের নেতৃত্বে একটি বিশেষ টিম শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা সামসুল ইসলামকে গ্রেফতার করে।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সামসুল ইসলাম ছিনতাইয়ের ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি আরও জানান, পুলিশের রেকর্ডপত্র (পিসিপিআর) ও সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে, গ্রেফতারকৃত সামসুর বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট, শাহপরাণ ও কোতোয়ালি মডেল থানা, মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা এবং হবিগঞ্জের নবীগঞ্জ থানায় মোট ৭টি মামলা বিচারাধীন রয়েছে। এই চক্রের বাকি সদস্যদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।






















