জমি বিক্রির টাকা লুকিয়ে মাটিতে পুঁতলেন, শেষ পর্যন্ত গেল উইপোকার পেটে
- Update Time : ০৭:০১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: পরিবারের কাছ থেকে টাকা লুকিয়ে রাখতে গিয়ে বিপাকে পড়েছেন ভারতের রাজস্থানের কৃষক মাঙ্গিলাল মেঘওয়াল। জমি বিক্রি করে পাওয়া পাঁচ লাখ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ ৪৮ হাজার টাকা, প্লাস্টিকের ব্যাগে ভরে নিজের জমিতে পুঁতে রেখেছিলেন তিনি। কিন্তু এক বছর পর বর্ষার পানিতে সেই টাকার ব্যাগ মাটির ওপর উঠে আসে। ব্যাগ খুলে তিনি দেখতে পান, উইপোকে খেয়ে ফেলেছে সব টাকা। রাজস্থানের বালোটরা জেলার পাচপদরার কাছে নেওয়াই গ্রামের বাসিন্দা মাঙ্গিলাল। তিনি জানান, চুরি হয়ে যাওয়ার আশঙ্কা এবং ছেলেরা টাকা খরচ করে ফেলতে পারে-এই দুই কারণে বাড়িতে না রেখে জমিতে অর্থ লুকিয়ে রেখেছিলেন। এমনকি টাকাগুলো কোথায় রেখেছেন, সে বিষয়টিও স্ত্রী ও সন্তানদের কাউকে জানাননি।
কয়েক মাস পর খামারে ঘর তৈরি করতে যখন অর্থের প্রয়োজন হয়, তখন তিনি টাকাগুলো তুলে আনতে যান। কিন্তু জমির কোন অংশে টাকা পুঁতেছিলেন, তা আর মনে করতে পারছিলেন না। ১০ বিঘা জমিতে তন্ন তন্ন করে খুঁজেও তিনি টাকাগুলো উদ্ধার করতে ব্যর্থ হন।
বাধ্য হয়ে পরিবারকে জমিতে টাকা পুঁতে রাখার বিষয়টি জানান। প্রথমে পরিবার তার কথা বিশ্বাস করতে পাননি। পরে তারাও টাকা খুঁজতে শুরু করেন। তবুও টাকার কোনো হদিস মেলেনি।
প্রায় এক বছর পর বর্ষার পানিতে ওই জমিতে টাকাভর্তি ব্যাগটি ভেসে ওঠে। ব্যাগটি খোলার পর দেখতে পান, টাকার বান্ডিলে উইপোকা ধরেছে। ৫০০ রুপির বেশিরভাগ নোটই টুকরো টুকরো হয়ে গেছে।
উইপোকে কাটা নোটগুলোর বিনিময়ে অন্তত কিছু অর্থ ফেরত পাওয়ার আশায় পাচপদরায় স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) একটি শাখায় যান মাঙ্গিলালের পরিবারের সদস্যরা। তবে নোটগুলোর অবস্থা পরীক্ষা করে ব্যাংক কর্মকর্তারা সেগুলো বদলে দিতে অস্বীকৃতি জানান। পরে পরিবারটি বালোটরায় এসবিআইয়ের প্রধান শাখায় গেলেও সেখান থেকে একই সিদ্ধান্ত জানানো হয়।
টাকা বদলানো বা ক্ষতিপূরণ পাওয়ার কোনো সুযোগ না থাকায় মাঙ্গিলালের পরিবারের দুর্ভোগ আরও বেড়েছে। এ ঘটনায় কৃষকের স্ত্রী ও ছেলে তাকেই দায়ী করছেন। তাদের অভিযোগ, ব্যাংকে টাকা জমা না রেখে গোপনে জমিতে পুঁতে রাখার সিদ্ধান্তের কারণেই পরিবারের কষ্টার্জিত সঞ্চয় শেষ পর্যন্ত পুরোপুরি নষ্ট হয়েছে।




























