ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল খেলা দেখার আশা ক্রীড়া প্রতিমন্ত্রীর
- Update Time : ০১:৪৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে ক্রীড়াঙ্গনের বিশ্বমঞ্চে তুলে ধরতে এবার ‘সাফ বিচ গেমস’ আয়োজনের বড় ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাথে আলোচনা সাপেক্ষে পর্যায়ক্রমে ফুটবলসহ অন্যান্য ইভেন্ট নিয়ে এই আঞ্চলিক ক্রীড়াযজ্ঞ আয়োজন করা হবে। তবে এই আয়োজনের পাশাপাশি ফুটবল বিশ্বকাপ নিয়ে নিজের এক বিশেষ আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি চান, বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হোক ফুটবল বিশ্বের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। কক্সবাজারে আয়োজিত অনূর্ধ্ব-১৫ বিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আমিনুল হক ফুটবল নিয়ে বাঙালিদের এই চিরন্তন আবেগের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের ব্রাজিল এবং আর্জেন্টিনার যারা সমর্থক রয়েছে, আমরা সবাই চাই যাতে ব্রাজিল এবং আর্জেন্টিনা যাতে ফাইনাল খেলে। তাহলে আমরা শেষ পর্যন্ত ব্রাজিল-আর্জেন্টিনার যে আমাদের সাপোর্টার্স রয়েছে, আমরা শেষ পর্যন্ত আমরা বিশ্বকাপের যে ইমেজ, যে উৎসাহ, যেই ম্যাডনেস রয়েছে, সেটা আমরা ধরে রাখতে পারব ইনশাআল্লাহ।’ অনুষ্ঠানে চীনের সানিয়াতে অনুষ্ঠিত এশিয়ান বিচ গেমসের উদাহরণ টেনে প্রতিমন্ত্রী বলেন, ‘কিছুদিন আগে চায়নার সানিয়াতে এশিয়ান বিচ গেমস উদ্বোধনে গিয়ে দেখেছি তারা কৃত্রিম সৈকত তৈরি করেছে। অথচ আমাদের রয়েছে পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক সৈকত। আমরা এটিকে কাজে লাগাতে চাই।’ তিনি আরও উল্লেখ করেন, বর্তমান প্রজন্মের তরুণদের ডিজিটাল ডিভাইস থেকে দূরে রাখতে এবং মাদকমুক্ত ও সুস্থ জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই লক্ষ্যেই দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের ক্রীড়া উৎসব ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি জানান, চলমান আসরের ফাইনাল রাউন্ড আগামী জুলাইয়ের মধ্যেই শেষ হবে। পরবর্তী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ২০২৬ সালের ১লা সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে, যা মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। পুরস্কার বিতরণী এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলালউদ্দিন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এদিকে অনূর্ধ্ব-১৫ বিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চমৎকার নৈপুণ্য দেখিয়েছে চট্টগ্রাম বিভাগ। বালক ও বালিকা উভয় বিভাগেই ময়মনসিংহ জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দলটি। খেলা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য বিশেষ অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন।




























