নির্বাচনে ব্যয়ের হিসাব দেননি খেলাফত মজলিসের প্রার্থী শেখ মুশতাক আহমদ
- Update Time : ০৮:৫৭:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জ-৩ আসনের খেলাফত মজলিসের প্রার্থী শেখ মুশতাক আহমদ সহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ২১ জনকে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে দ্বিতীয় দফায় সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাঁদের ১৪ জুনের মধ্যে ব্যয়বিবরণী দাখিল করতে বলা হয়েছে। ইসি সূত্র জানায়, গত শনিবার (২৩ মে) সই করা এ–সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে। তাতে নির্বাচনী ব্যয়ের হিসাব না দেওয়ার শাস্তির বিধান (দুই থেকে সাত বছর জেল ও অর্থদণ্ড) স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনের ফলাফলের গেজেট হওয়ার ৩০ দিনের মধ্যে প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব ইসিতে জমা দেওয়ার বিধান আছে। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময় শেষে প্রথম দফায় ৬ মে পর্যন্ত সময় বাড়িয়েছিল ইসি। এর মধ্যেও ২১ প্রার্থী তাঁদের হিসাব জমা দেননি। এখন দ্বিতীয় দফায় ১৪ জুন পর্যন্ত সময় বাড়ানো হয়।
ইসি সূত্র জানায়, যেসব প্রার্থী ব্যয়ের হিসাব দেননি, তাঁরা হলেন নীলফামারী-৪ আসনের বাংলাদেশ জাতীয় পার্টির মির্জা মো. শওকত আকবর (রওশন), লালমনিরহাট-১ আসনের বাংলাদেশ জাসদের হাবিব মো. ফারুক, রংপুর-২ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির মো. আজিজুর রহমান, কুড়িগ্রাম-৩ আসনের গণ অধিকার পরিষদের সরকার মো. নুরে এরশাদ সিদ্দিকী, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নবাব মো. শামসুল হোদা ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) মো. আবদুল হালিম, নাটোর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মোয়াজ্জেম হোসেন, ভোলা-১ আসনে গণ অধিকার পরিষদের মো. আইনুর রহমান (জুয়েল) মিয়া, ভোলা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিবুল্লাহ খোকন ও আমজনতার দলের মো. আলা উদ্দিন। ভোলা-৩ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী মো. আবু তৈয়ব ও জাতীয় পার্টির মো. কামাল উদ্দিন, ভোলা-৪ আসনে এনডিএমের প্রার্থী আবুল কালাম ও আমজনতার দলের প্রার্থী মো. জালাল উদ্দীন রুমী। ময়মনসিংহ-৫ আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মো. রফিকুল ইসলাম, ময়মনসিংহ-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. জসিম উদ্দিন, ঢাকা-১৪ আসনের বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. লিটন, সুনামগঞ্জ-৩ আসনের খেলাফত মজলিসের প্রার্থী শেখ মুশতাক আহমদ, চাঁদপুর-২ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী মো. এনামুল হক, চট্টগ্রাম-১২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফরিদুল আলম এবং বান্দরবান আসনের এনসিপির প্রার্থী আবু সাঈদ মো. সুজাউদ্দীন।




























