স্কুলছাত্রীর সন্তান প্রসব, খালার বাসা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
- Update Time : ০৭:৩৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: অবিবাহিত অষ্টম শ্রেণি পড়ুয়া কিশোরীর (১৪) নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। থানার উপপরিদর্শক (এসআই) পল্লব কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকা গ্রামের অষ্টম শ্রেণির এক অবিবাহিত কিশোরী গত মঙ্গলবার রাতে সন্তান প্রসব করে। বিষয়টি জানাজানির ভয়ে নবজাতককে ওই কিশোরীর মা নারুয়া ইউনিয়নের বাকসাডাঙ্গী গ্রামে তার বোনের কাছে রেখে আসেন। গতকাল বুধবার রাতে নবজাতক মারা যায়। খবর পেয়ে আজ দুপুরে বালিয়াকান্দি থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
ওই কিশোরীর খালা জানান, তার বোনের মেয়ের সঙ্গে বাড়ির পাশের এক তরুণের প্রেমের সম্পর্ক ছিল। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং সন্তান প্রসব করে। লোকলজ্জার ভয়ে নবজাতককে তার বোন এখানে রেখে যান। গতকাল রাতে নবজাতক মারা যায়। খবর পেয়ে আজ দুপুরে পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়।
এসআই পল্লব কুমার সরকার জানান, নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ডিএনএ টেস্টের নমুনা সংগ্রহ ও ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




























