জগন্নাথপুর-শিবগঞ্জ সড়কের ঘোষগাঁও ব্রিজের এপ্রোচে ধস, দুর্ঘটনার আশঙ্কা
- Update Time : ০৯:১৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১২ আগস্ট ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর-শিবগঞ্জ সড়কের ঘোষগাঁও ব্রিজের এপ্রোচের মাটি ধসে পড়েছে। এতে অনাকাঙ্খিত দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া এপ্রোচ ধসে যাওয়ার কারণে সড়ক সরু হয়ে যাচ্ছে। যে কোন সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা বিরাজ করছে।
জানাগেছে, ২০০১ সালে জনগুরুত্বপূর্ণ এ ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আলহাজ্ব সামাদ আজাদ। তবে ২০১৪ সালে বিশাল আয়তনের এ ব্রিজটির উদ্বোধন করেন বর্তমান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে ব্রিজটি বাস্তবায়ন করে এলজিইডি। ব্রিজটি উদ্বোধনের ৩ বছরের মাথায় এপ্রোচে ধস পড়েছে।
শনিবার সরজমিনে দেখা যায়, ব্রিজের পূর্ব দিকে এপ্রোচে প্রায় শত ফুট এরিয়ে নিয়ে ধসে পড়েছে। এছাড়া ব্রিজের অন্য এপ্রোচেও ধস শুরু হয়েছে। এপ্রোচ ধসে যাওয়ায় সড়কটি সরু হয়ে গেছে। কোন রকমে ছোট গাড়ি চলাচল করলেও বড় গাড়ি চলাচল করতে পারছে না। তাছাড়া ধসে যাওয়া খাদে চলন্ত গাড়ি পড়ে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। এ সময় স্থানীয়রা জানান, গত ৩ দিন আগে হঠাৎ
করে এপ্রোচের মাটি সড়ক নিয়ে ধসে পড়ে। ধসে যাওয়া স্থানে দ্রুত মেরামত কাজ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান এলাকাবাসী। তা না কয়েক দিনের মধ্যে ধসের স্থান বৃদ্ধি পেয়ে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ ব্যাপারে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) রফিকুল ইসলাম জানান, উক্ত ব্রিজের ধসে যাওয়া এপ্রোচে শনিবার থেকে কাজ শুরু হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান মাটি ভরাটের কাজ করছে।





























