জগন্নাথপুরে ২ ইউপি সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
- Update Time : ০৯:০০:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মোঃ শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ২ ইউপি সদস্যের বিরুদ্ধে অনিয়ম ও টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
জানাগেছে, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহমুদ মিয়া ও ১,২,৩ নং সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য রোকশানা বেগমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও টাকা আত্মসাতের অভিযোগ করেন স্থানীয় জনতা।
স্থানীয় কামড়াখাই গ্রামের প্রতিবাদী যুবক দিলোয়ার হোসেনের নেতৃত্বে এ ২ ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি ভিজিএফ এর চাল ওজনে কম দেয়া, স্বামী পরিত্যক্তা, বিধবাদের ভিজিডির চাল কম দেয়া, কর্মসৃজন কর্মসূচির (কাবিটা) কাজ না করিয়ে টাকা আত্মসাতসহ নানা অনিয়ম ও টাকা আত্মসাতের অভিযোগ এনে গত ১৭ জুন সুনামগঞ্জ জেলা প্রশাসক, গত ২০ জুলাই সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে ও সিলেট দুর্নীতি দমন কমিশনের কাছে পৃথকভাবে গণ স্বাক্ষরিত অভিযোগ প্রদান হয়।
এছাড়া প্রতিবাদী যুবক দিলোয়ার হোসেনসহ কয়েক জনের বিরুদ্ধে ইউপি সদস্য মাহমুদ মিয়ার নেতৃত্বে অসামাজিকতাসহ বিভিন্ন অভিযোগ এনে আরেকটি পাল্টা গণ স্বাক্ষরিত অভিযোগ জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রদান করা হয়।
এ ব্যাপারে ইউপি সদস্য মাহমুদ মিয়া জানান, পূর্ব বিরোধের কারণে আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। প্রতিবাদী যুবক দিলোয়ার হোসেন বলেন, তাদের সাথে আমাদের কোন বিরোধিতা নেই। জনস্বার্থে অভিযোগ করা হয়েছে। জানতে চাইলে রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা বলেন, পানি বৃদ্ধি পাওয়ায় রাস্তায় কর্মসৃজনের কাজ করা সম্ভব হয়নি। পানি কমলে কাজ করা হবে। তবে চাল আত্মসাতের অভিযোগ সত্য নয়। ব্যক্তি বিরোধের কারণে এ ২ ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।





























