ছাতকে বনগাঁও স্কুলে শিক্ষার্থীদের মাঝে ড্রেস বিতরণ ধনীটিলায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বিতরণ হয়নি
- Update Time : ০৮:৫৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে ইসলামপুর ইউনিয়নের ধনীটিলায় আদিবাসী সম্প্রদায়ের শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির টাকা বন্ঠন করতে গিয়ে ব্যাপক অনিয়ম-দুর্নীতির বিষয় খুঁজে পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। এখানে ৭২ হাজার টাকা আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রীর তহবিল থেকে প্রদত্ত আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিক ভাবে উপবৃত্তির টাকা বিতরণের ধার্য্য তারিখ ছিলো বৃহষ্পতিবার।ধনীটিলায় এ অনুষ্টানে সকালে পৌঁছেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম ও ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবীব। বৃহষ্পতিবার প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ৭০ জন শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিক ভাবে টাকা বিতরণের কথা ছিলো। শেষ পর্যন্ত টাকা বিতরণ না করেই অতিথিবৃন্দরা অন্য প্রোগ্রামে চলে যান। জানাগেছে,স্থানীয় মনিপুরী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি নিশিকান্ত সিংহ ইতিমধ্যে শিক্ষার্থীদের উপবৃত্তির ৩ লক্ষ ১২ হাজার টাকা উত্তোলন করে নিয়েছেন। এবং শিক্ষার্থীদের মধ্যে ৫ টি বাইসাইকেল বন্ঠনের জন্য আরো ৫০ হাজার টাকা নিয়েছেন। কিন্তু তিনি কমমুল্যের বাইসাইকেল ক্রয় করেছেন ৪ টি। একটি বাইসাইকেলের বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি নিশিকান্ত সিংহ। এতে উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান হতভম্ব হয়ে পড়েন। তার সকল কার্যক্রমে সন্দেহ দেখা দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান খামের ভেতর রাখা টাকার খোঁজ নেন। এক পর্যায়ে খামগুলো তিনি খুলে দেখেন প্রাথমিক শিক্ষার্থীদের খামে ২৪০০ টাকার স্থলে ২০০০ টাকা, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের খামে ৬০০০ টাকার স্থলে ৫১০০ টাকা ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের খামে ৯৬০০ টাকার স্থলে ৮০০০ টাকা পুরে রাখা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান এতে ক্ষুব্ধ হন। তিনি উপবৃত্তির টাকা বিতরণ না করে মনিপুরী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি নিশিকান্ত সিংহকে রবিবার সরকারি ৩ লক্ষ ১২ হাজার টাকা ও ৫ টি বাইসাইকেল ফেরত প্রদানের নির্দেশ দিয়ে বলেন, উপজেলা পরিষদ থেকে উপবৃত্তির এসব টাকা বিতরণ করা হবে।
এদিকে স্থানীয় ও মণিপুরী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিলন সিংহ, মণিপুরী সমাজ কল্যাণ পরিষদ ছাতক শাখার সাবেক সভাপতি ব্রজেন্দ্র সিংহ, ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের ২নং ওয়ার্ড সভাপতি রঘু সিংহ, মণিপুরী ট্রাইবাল এসোসিয়েশনের সাবেক সভাপতি অনন্ত মনি সিংহ জানান, শিক্ষার্থীদের উপবৃত্তির টাকায় সব সময়ই ভাগ বসায় নিশিকান্ত সিংহ। উপজেলা অফিস সহকারী অরুণ অধিকারী ও এসব কর্মকাণ্ডে জড়িত বলে তারা জানান। গত বছরে মনিপুরী সম্প্রদায়ের প্রধানমন্ত্রী প্রদত্ত উপহারের ১১ টি ঘর নির্মাণে ও ব্যাপক অনিয়ম-দুর্নীতির আশ্রয় নেয়া হয়েছে এবং চলতি সময়ে আরো ৫ টি ঘরের একই অবস্থা বলে তারা জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান এ অনুষ্টান স্থগিত করে সকল অতিথিবৃন্দ বনগাঁও জুনিয়র স্কুলের শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিক ভাবে স্কুল ড্রেস বিতরণ করেছেন। ৭০ জন শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করেছেন অতিথিবৃন্দ।এখানে ও তারা বিব্রতবোধ করেছেন। বিদ্যালয়ে কোন সচল ফ্যান নেই। প্রধান শিক্ষক কামাল উদ্দিন বিদ্যালয়ের নাজুক অবস্থা ভালো ফ্যান নেই এ বিষয়ে দাবী তুলেন উপজেলা চেয়ারম্যানের প্রতি। উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান এ সময় বলেন, বিদ্যালয়ে প্রতিবছর স্লীপের টাকা দিচ্ছে সরকার। এসব টাকা কোথায় যায়। চলতি বছরের ৫৭ হাজার টাকার কোন কাজ হয়নি। এব্যাপারে সদুত্তর দিতে পারেননি প্রধান শিক্ষক কামাল উদ্দিন ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সামির আলী।
ধনীটিলায় আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির টাকা বিতরণের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান জানান, দুর্নীতির কারণে অনুষ্টানটি বন্ধ করে দেয়া হয়েছে। উপবৃত্তির টাকা উপজেলা পরিষদ থেকেই বিতরণ করা হবে। উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান জানিয়েছেন, উপবৃত্তির টাকা বিতরণের আগেই ভাগ-বাঁটোয়ারা করা হয়ে গেছে।ব্যাপক অনিয়ম-দুর্নীতির মাধ্যমে তারা চেয়েছিলো টাকা আত্মসাত করতে। কিন্তু পারে নাই। তাদের সকল দুর্নীতি ফাঁস হয়ে গেছে। উপজেলা পরিষদ থেকে উপবৃত্তির টাকা বিতরণ করা হবে।


























