জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
- Update Time : ০৬:২৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের চাঁন্দপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে আটজন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তারা হলেন-জসিম (৩০), দেলোয়ার (৩০), মামুন (৪০), জয়নাল (৩২), সাফিয়া (৬৫), সাহেদ (১৬), সিরাজ (৩৫) ও রুবেল (৩৬)। অন্যান্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। আখাউড়া থানার ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিমল কর্মকার জানান, চাঁন্দপুর গ্রামের বাসিন্দা রুবেলের চাচার একটি জমি নিয়ে একই গ্রামের জহিরের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরেই রুবেল ও জহিরের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে উভয় পক্ষের লোকজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আখাউড়া থানার ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিমল কর্মকার জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনো কোনো পক্ষ অভিযোগ দায়ের করেনি।


























